অনলাইন ডেস্ক, ১৯ সেপ্টেম্বর, ২০২৫: আসন্ন দুর্গোৎসবকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে গতকাল খোয়াই জেলা শাসক কার্যালয়ের ভিডিও কনফারেন্স হলে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন খোয়াই জেলার জেলাশাসক রজত পন্থ। সভায় জেলা শাসক রজত পন্থ আসন্ন শারদ উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করার জন্য সরকারি নির্দিষ্ট গাইডলাইন মেনে চলার আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসনের ডি সি রাজীব পাল জানান, পরিবেশ দূষণ গাইড লাইন অনুযায়ী উচ্চ স্বরবর্ধক যন্ত্র রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত বাজানো যাবেনা। রাত্র ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত শব্দবাজী পুড়ানো যাবেনা।
হাসপাতাল, স্কুল, কোর্ট-এর ১০০ মিটার এলাকায় কোন রকম উচ্চস্বরবর্ধক যন্ত্র বাজানো যাবেনা। প্রতিমার উচ্চতা ২০ ফুট, প্যান্ডেলের উচ্চতা ৪০ ফুটের মধ্যে থাকতে হবে। এছাড়া পূজা প্যান্ডেলে স্বেচ্ছাসেবক ও সিসিটিভি ক্যামেরা রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
বৈঠকে আরক্ষা প্রশাসন থেকে জানানো হয়েছে, জেলার বিভিন্ন খানা এলাকায় পুলিশ এসিস্টেন্স বুথ, ওয়াচ টাওয়ার, নাকা পয়েন্ট রাখা হবে।
সভায় উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া মহকুমার মহকুমা শাসক অপূর্ব কৃষ্ণ চক্রবর্তী, খোয়াই মহকুমা প্রশাসনের ডিসিএম দীপঙ্কর সরকার, পুর পরিষদের উপ-মুখ্য কার্যনির্বাহী আধিকারিক অরুণ দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার জাষ্টিন যোশেফ সহ তথ্য ও সংস্কৃতি, পূর্ত, স্বাস্থ্য, বিদ্যুৎ, অগ্নি নির্বাপকসহ বিভিন্ন কার্যালয়ের আধিকারিকগণ।








