অনলাইন ডেস্ক, ৩ সেপ্টেম্বর, ২০২৫:রাজ্যের প্রতিটি মেয়েকে শিক্ষিত করে তুলতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। সারা রাজ্যেই মেয়েদের জন্য ভাল স্কুল এবং নিরাপদ ছাত্রীনিবাস তৈরী করা হচ্ছে। এই ব্যবস্থা মেয়েদের শিক্ষিত এবং বড় হয়ে উঠার জন্য সুন্দর পরিবেশ তৈরী করেছে।
রাজ্য সরকার চায় প্রত্যেক ছাত্রী বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করে শিক্ষিত হয়ে উঠুক। আজ বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে বিলোনীয়ায় আয়োজিত কর্মশালা এবং সচেতনতা শিবিরের উদ্বোধন করে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু একথা বলেন।
বিলোনীয়ার শচীন দেববর্মণ অডিটোরিয়ামে শিক্ষা দপ্তরের দক্ষিণ ত্রিপুরা জেলা অফিস এবং দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।
ছাত্রীদের উদ্দেশ্যে রাজ্যপাল বলেন, তাদের বড় হওয়ার স্বপ্ন দেখতে হলে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে তাদের এগিয়ে যেতে হবে।
সচেতনতা শিবিরে বক্তব্য রাখেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।
ছাত্রীদের জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প বিষয়ে তিনি বিস্তারিত তুলে ধরেন। দক্ষিণ ত্রিপুরা জেলার বালিকা মঞ্চ স্কুলগুলিকে উল্লেখযোগ্য কাজের জন্য রাজ্যপাল সম্মানিত করেন। অনুষ্ঠানে রাজ্যপাল বাল্যবিবাহ বিষয়ে একটি শর্ট ফিল্ম রিলিজ করেন।
বিভিন্ন প্রতিবন্ধকতা মোকাবিলা করে কিভাবে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সে বিষয়ে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে আলোচনা করে জোৎস্না আক্তার এবং টিনা ত্রিপুরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক স্বপ্না মজুমদার, বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক হেমন্ত দেববর্মা।
জনজাতি অংশের প্রথম কমার্শিয়াল পাইলট ক্যাপ্টেন ববি আজমীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছাত্রছাত্রীরা নাটক এবং নৃত্য পরিবেশন করে। বাজভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।








