অনলাইন ডেস্ক, ২২ আগস্ট, ২০২৫: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং কিরীট বিক্রম ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় আরবান রিসোর্স সেন্টারে আজ মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জন্মজয়ন্তী পালন করা হয়।
প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের সূচনা করে গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায় বলেন, মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর ছিলেন আধুনিক ত্রিপুরার রূপকার। শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ইত্যাদি সর্বক্ষেত্রেই তাঁর অবদান ছিল অনস্বীকার্য।
তিনি ছাত্রছাত্রীদের মহারাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের জীবনী পড়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন গোমতী জেলার জেলা শিক্ষা আধিকারিক কল্যাণ ভদ্র, কিরীট বিক্রম ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল দেবব্রত পাল প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার এবং স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা অজয় দে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিগণ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা জানান। মহারাজার জন্মজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিগণ।








