অনলাইন ডেস্ক, ১৫ আগস্ট, ২০২৫: সারম-শিয়ালদহ-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন আজ থেকে জোলাইবাড়ি রেলস্টেশন এবং বিলোনীয়া রেল স্টেশনে স্টপেজ দেওয়া শুরু করেছে। এ উপলক্ষে জোলাইবাড়ি এবং বিলোনীয়া রেল স্টেশনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আজ ভোর সাড়ে ৫ টায় জোলাইবাড়ি রেল স্টেশনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া নতুন এই রেল স্টপেজের সুচনা করেন।
অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, সাব্রম-শিয়ালদহ-কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন জোলাইবাড়ি রেলস্টেশনে স্টপেজ দেওয়ার ফলে জোলাইবাড়ি সহ বিভিন্ন এলাকার মানুষ উপকৃত হবেন। রাজ্য ও কেন্দ্রীয় সরকার ত্রিপুরার প্রত্যেক জেলা ও মহকুমার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে। সড়ক, রেল, বিমান যোগাযোগ, প্রত্যেকটা ক্ষেত্রে দ্রুত উন্নয়নের কাজ চলছে।
ত্রিপুরা থেকে বর্তমানে রেল, সড়ক এবং আকাশ পথে অনায়াসেই বহিরাজ্যে যাওয়া যায়। এতে বহিরাজ্যে পড়ুয়া ছাত্র-ছাত্রী ও অন্যান্য মানুষ উপকৃত হচ্ছেন। জোলাইবাড়ি রেলস্টেশনে এই এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া শুরু করায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহাকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত, জোলাইবাড়ি বিএসি’র চেয়ারম্যান অশোক মগ, শান্তিরবাজার পুর পরিষদের ভাইস চেয়ারপার্সন সত্যব্রত সাহা, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক মনোজ পাল এবং উত্তর পূর্ব সীমান্ত রেলেওয়েল কর্মকর্তাগণ।
অনুষ্ঠান শেষে সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া এবং অন্যান্য অতিথিগণ সাবুম-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনের পতাকা নেড়ে যাত্রা শুরু করেন। এই এক্সপ্রেস ট্রেন বিলোনীয়া স্টেশনে স্টপেজ দেওয়া শুরু উপলক্ষে বিলোনীয়া রেলস্টেশনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের জনগণের সার্বিক উন্নয়নে গুরুত্ব নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার।
ফলে রেল, বিমান সড়ক ইত্যাদি যোগাযোগ ব্যবস্থার ব্যপক উন্নয়ন হয়েছে। অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, বিলোনীয়া মহকুমাবসীর দীর্ঘদিনের দাবি ছিল বিলোনীয়া রেল স্টেশনে কাঞ্চনজন্মা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ হোক। আজ দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে বিলোনীয়াবাসীর আশা পূর্ণ হয়েছে।
তিনি বলেন, বিলোনীয়ার জনগণের কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে আবেদন করা হয়েছিল যাতে বিলোনীয়া এবং জোলাইবাড়ি রেলস্টেশনে কাঞ্চনজঙ্খা এক্সপ্রেস ট্রেনের স্টপেজ দেওয়া হয়। তিনি বলেন, ২০১৪ সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির প্রতি বিশেষ নজর দিয়েছেন।
তিনি আরও বলেন, বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করার পর উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে রাজো রেল পরিষেবা উন্নয়নের ফলে যাতায়াতের পাশাপাশি বাণিজ্যিক আদান-প্রদানের সুযোগ-সুবিধাও বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই এক্সপ্রেস ট্রেনের বিলোনীয়া স্টপেজ হওয়ায় বিলোনীয়ায় সহ রাজনগর, ঋষ্যমুখ এবং শান্তিরবাজার এলাকার এক বিশাল অংশের মানুষ উপকৃত হবেন।








