অনলাইন ডেস্ক, ২৯ জুলাই, ২০২৫। উজান মাছমারা উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত হোস্টেল ভবনের শিলান্যাস সম্পন্ন।
শিক্ষার অগ্রযাত্রায় নতুন দিগন্তের সূচনা। উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত উজান মাছমারা উচ্চ বিদ্যালয়ে আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো দাজগুয়া হোস্টেল ভবনের ভিত্তিপ্রস্তর।
বালক ও বালিকা—উভয় বিভাগের ছাত্রছাত্রীদের জন্য আলাদাভাবে নির্মিত এই হোস্টেল ভবনের শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়িকা ও মাননীয়া মন্ত্রী শান্তনা চাকমা।
তাঁর সঙ্গে মঞ্চ ভাগ করে নেন ত্রিপুরা ট্রাইবল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক কাউন্সিল (TTAADC)-এর MDC স্বপ্না রানী দাস, লালজুরি ব্লক চেয়ারপার্সন অজন্তা কুমার চৌধুরী এবং শিক্ষা দপ্তরের অন্যান্য গুরুত্বপূর্ণ আধিকারিকবৃন্দ।
মন্ত্রী শান্তনা চাকমা এ উপলক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, লালজুরি ব্লকে এমন দুটি হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
এর ফলে জনজাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের শিক্ষা আরও বেশি গতি ও মান অর্জন করবে বলে আমরা আশা রাখি।”
এই হোস্টেল নির্মাণের ফলে বিদ্যালয়গামী প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যাওয়ার কষ্ট কমবে এবং শিক্ষা গ্রহণে তারা আরও মনোযোগী হতে পারবে।
জনজাতি এলাকার উন্নয়নে রাজ্য সরকার যে অঙ্গীকারবদ্ধ, এ উদ্যোগ তারই একটি বাস্তব প্রতিফলন।
এই প্রকল্পের মাধ্যমে শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা ও বিদ্যালয় কর্তৃপক্ষ।








