অনলাইন ডেস্ক, ২৮ জুলাই, ২০২৫: গভীর রাতে রহিমপুর পূর্বপাড়া ৬নং ওয়ার্ডে এক চাঞ্চল্যকর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুষ্কৃতিদের আগুনে সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় একটি নেক্স কোম্পানির এস-ক্রস গাড়ি। গাড়ির বর্তমান মালিক নজরুল ইসলাম, পিতা কবির হোসেন।
সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে বিশালগড় লালসিমুড়া এলাকা থেকে আশাবাড়ির যুবক রহুল হোসেন গাড়িটি কিনে আনেন।
মাত্র দুই দিন আগে নজরুল ইসলাম নামক অপর এক যুবক পাঁচ লক্ষ টাকা নগদ এবং বাকি দুই লক্ষ টাকা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে গাড়িটি কিনে নেন।
কিন্তু সেই নতুন কেনা গাড়ি রাতারাতি আগুনে পুড়ে ছাই হয়ে গেল। রবিবার রাত আনুমানিক ২টার দিকে অজ্ঞাত দুষ্কৃতীরা পেট্রোল ঢেলে গাড়িতে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি।
ঘটনাটি প্রথম দেখতে পান এলাকার যুবক সাইফুল হোসেন। তিনিই সঙ্গে সঙ্গে গাড়ির মালিক নজরুল ইসলামকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
গাড়ির মালিক নজরুল ইসলাম জানান, তার কারোর প্রতি কোনও সন্দেহ নেই। তবে এই ঘটনার পেছনে কী উদ্দেশ্য রয়েছে এবং কে বা কারা জড়িত, তা এখনও জানা যায়নি। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।








