“জনতার সাথী” কর্মসূচিতে মানুষের পাশে মন্ত্রী বিকাশ দেববর্মা

প্রগতি ত্রিপুরা, আগরতলা,২৭ মে।। প্রতিটি গৃহের উঠোনে বসে যদি শোনা যায় সাধারণ মানুষের কথা—তবেই বোঝা যায় প্রকৃত রাজনীতি কী। ঠিক তেমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জারুইলং মিশ্র বসতি এলাকায় “জনতার সাথী” কর্মসূচির মাধ্যমে তিনি পৌঁছে গেলেন সাধারণ মানুষের দুয়ারে—কেবল কথা শুনতেই নয়, সমাধানের আশ্বাস দিতেই।
একটি সাধারণ ঘরের উঠোনে, মাটির গন্ধে মিশে থাকা মানুষেরা যখন নিজেদের দীর্ঘদিনের না-পাওয়া, অবহেলা, বঞ্চনার কাহিনি তুলে ধরছিলেন, তখন কেবল একজন মন্ত্রী নয়, একজন সহানুভূতিশীল শ্রোতার মতো মনোযোগ দিয়ে শুনলেন বিকাশ দেববর্মা।
সিপিআইএম ও কংগ্রেসের দীর্ঘ ৩৫ বছরের শাসনকাল—যেখানে রাস্তা, বিদ্যুৎ, পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, কিংবা সামাজিক সুরক্ষা ভাতার মতো মৌলিক প্রয়োজনগুলোই থেকেছে উপেক্ষিত। কেউ পাননি বৃদ্ধভাতা, কেউ বিধবা ভাতা, কেউ বা বছরের পর বছর পাননি জল বা আলোর নিশ্চয়তা। অথচ তখনকার নেতারা মানুষের দরজায় গিয়েছেন, কিন্তু উদ্দেশ্য ছিল হুক্কা টানা, সমস্যা সমাধান নয়—এই ক্ষোভই তুলে ধরলেন স্থানীয় বাসিন্দারা।
মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, “আমাদের সরকার বিশ্বাস করে জনগণের কাছে গিয়ে তাদের কষ্ট জানাই সরকারের প্রকৃত কাজ। সরকার বসে থাকবে না, সরকারের লোকজন পৌঁছে যাবে মানুষের দরজায়। আজ আমরা তা করে দেখাচ্ছি।”
তিনি আরও বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই অঞ্চলের রাস্তা, পানীয় জল, বিদ্যুৎ এবং শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। বহু উপেক্ষিত পরিবার এখন পেয়েছে তাদের প্রাপ্য সুযোগ-সুবিধা। তবে এখনও কিছু সমস্যা রয়েছে, এবং তা সমাধানে প্রশাসনকে সক্রিয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রী প্রয়াত খগেন্দ্র জমাতিয়াকে স্মরণ করে বিকাশ দেববর্মা বলেন, “যিনি জনগণের প্রতিনিধি ছিলেন, অথচ জনসাধারণের মৌলিক চাহিদাগুলো পূরণের কোনো উদ্যোগ নেননি। তিনি গেস্ট হাউসকে নিজের বাড়ি বানিয়েছিলেন, কিন্তু মানুষের হৃদয়ে কখনও জায়গা করতে পারেননি।”
“জনতার সাথী” কর্মসূচি প্রমাণ করল—জনগণের সাথে সরাসরি কথা বলাই হলো উন্নয়নের প্রথম ধাপ। আর এই ধাপেই যদি একজন নেতা জনগণের পাশে দাঁড়ান, তবে ভবিষ্যত আরও উজ্জ্বল হবেই। চাকমাঘাটের মানুষ আজ আশায় বুক বাঁধছে—কারণ তারা জানে, এখন সরকার আছে তাদের পাশে, তাদের উঠোনে।

Pragatitripura
Author: Pragatitripura

Leave a Comment