অনলাইন ডেস্ক, ২৫ মে, ২০২৫: আজ ঊনকোটি জেলা সদর কৈলাসহরে জেলা পুলিশ সুপার (এসপি) অফিসে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা পরিচালক (ডিজিপি) আইপিএস অনুরাগ ধ্যানকর।
এছাড়া সভায় অংশ নেন জেলার মহকুমা পুলিশ আধিকারিকগণ, থানাগুলোর ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি), এবং অন্যান্য নিরাপত্তা দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তারা।বৈঠকে আরও উপস্থিত ছিলেন ডিআইজি রতি রঞ্জন দেবনাথ এবং উত্তর ত্রিপুরা ও ঊনকোটি জেলার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার অবিনাশ রাই।
বৈঠক শেষে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন ডিজিপি অনুরাগ ধ্যানকর। তিনি জানান, ডিজিপি হিসেবে এটি তাঁর প্রথম ঊনকোটি জেলা পরিদর্শন হলেও, পূর্বে বহুবার তিনি এই জেলায় এসেছেন।
তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা করা কেবল পুলিশের একার কাজ নয়; এটি সাধারণ নাগরিকদের সহযোগিতাতেই সম্ভব।” সেইসঙ্গে তিনি সকল স্তরের মানুষের কাছ থেকে সহযোগিতা কামনা করেন।ডিজিপি জানান, তাঁর এই সফরের প্রধান উদ্দেশ্য হলো মুখ্যমন্ত্রীর ‘নেশামুক্ত ত্রিপুরা’ গঠনের স্বপ্নকে বাস্তবায়নের দিকে অগ্রসর হওয়া।
বৈঠকে ভবিষ্যতে কী ধরনের কৌশল নেওয়া হবে, সে সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয় বলে তিনি জানান। তিনি আরও বলেন, “আমাদের রাজ্যে বর্তমানে আসামিদের ৩০ শতাংশের বেশি সাজা হচ্ছে, যা একটি ইতিবাচক দিক।
ঊনকোটি সফর শেষে ডিজিপি অনুরাগ ধ্যানকর জানান, তিনি উত্তর ত্রিপুরার ধর্মনগরে যাবেন এবং সেখান থেকে কাঞ্চনপুরে অবস্থিত ১৩ নম্বর টিএসআর ব্যাটালিয়নে গিয়ে জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তবে আজকের এই আকস্মিক সফরের পেছনে কোনো বড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট মহল।








