আগুনে ভস্মীভূত কৃষকের ঘর বাড়ি

অনলাইন ডেস্ক, ১৭ মে, ২০২৫: বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের গাছবাড়িয়া এলাকার হারাধন মজুমদারের বসত বাড়ি! জানা যায় ঘরটি ছিল তার ছেলে বিনয় মজুমদারের। আগুনের লেলিহান শিখা কেড়ে নিল নগদ চার লক্ষ টাকা, গয়নাগাটি সহ ঘরের সমস্ত জিনিসপত্র।

ক্ষয়ক্ষতির পরিমাণ 15 লক্ষ টাকা হবে বলে জানা যায়। ঘরটিতে মূল্যবান প্রচুর পরিমাণে রাবারসহ গ্যাস ভর্তি সিলিন্ডার রাখা ছিল। যেহেতু ঘরটির সাথে রান্নাঘরের কোন যোগসুত্র ছিল না তাই ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লাগার ঘটনা ঘটে।

আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই গ্যাস ভর্তি সিলিন্ডারটি ফেটে যেতেই আগুন দ্রুত গতিতে ছড়িয়ে যায়। আগুনের বীভৎসতা এত বেশি ছিল যে আগুন নিয়ন্ত্রণে আনতে বা জিনিসপত্র বাঁচাতে কেউই সামনে যেতে পারছিল না। সকলেই শুধু নিরব দর্শক হয়ে দাঁড়িয়ে ছিল।

খবর দেওয়া হয়েছিল অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে সবই শেষ। জানা যায় হারাধন মজুমদারের ছেলে বিনয় মজুমদার একজন কৃষক। ঘর তৈরি করার জন্য নগদ টাকা ঘরে এনে রেখেছিল সে। সেগুলিও পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ওই এলাকার বাসিন্দা ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস। তিনি ঘটনা তুলে ধরে জানান সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবার টিকে কিভাবে সাহায্য করা যায় তা খতিয়ে দেখা হবে।

Leave a Comment