অনলাইন ডেস্ক, ১৫ মে, ২০২৫: জিরানীয়া মহকুমা জনজাতি কল্যাণ কার্যালয় এবং জনজাতি গবেষণা ও সাংস্কৃতিক কেন্দ্রের যৌথ ব্যবস্থাপনায় বর্ষব্যাপী জনজাতি গৌরব বর্ষ-২০২৫ অনুষ্ঠানের অঙ্গ হিসাবে আজ মান্দাইয়ের খরাঙ কমিউনিটি হলে জনজাতিদের চিরাচরিত বেশভুষা, লোকনৃত্য ও ককবরক গান এবং ধরতি আবা জনজাতীয় উৎকর্ষ গ্রাম অভিযান অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা চারা গাছে জল দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন।
জিরানীয়া মহকুমার জনজাতি কল্যাণ আধিকারিক অরজিৎ দেববর্মা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জনজাতি কল্যাণ মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, বিরসা মুন্ডা জনজাতিদের জন্য যেভাবে কাজ করেছেন ভবিষ্যত প্রজন্মকেও জনজাতি সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সেধরণের কাজ করে যেতে হবে।
জনজাতি ছাত্রছাত্রীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা দেবার জন্য সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, যাতে ছাত্রছাত্রীরা ভবিষ্যত জীবনকে উন্নত করতে পারে।
তিনি বলেন, জিরানীয়া মহকুমার প্রতিটি গ্রামে জলের সুব্যবস্থা, শৌচাগার তৈরী ও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে যাতে ত্রিপুরা রাজ্যের মধ্যে জিরানীয়া মডেল মহকুমা হিসাবে পরিচিতি পায়। মারাত্মক ব্যাধি নেশার কবল থেকে ছাত্রছাত্রী এবং যুব সম্প্রদায়কে বাঁচানোর জন্য এনজিও, সমাজ সেবক ও অভিভাবকদের সচেতন হওয়ার জন্য তিনি আবেদন রাখেন।
সকল জনগণকে নেশার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য তিনি আহ্বান জানান। নিজের সংস্কৃতি ও ঐতিহ্যকে বজায় রেখে সংস্কৃতি চর্চার দিকে আরও বেশি মনোনিবেশ করার জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন। টিটিএএডিসি-র চেয়ারম্যান জগদীশ দেববর্মা বলেন, মুন্ডা সম্প্রদায়ের অল্প বয়সী ছেলে বিরসা মুন্ডা যেমন ইংরেজ শাসনের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ঠিক সেইভাবে জনজাতি ছেলেমেয়েরাও সমাজের উন্নয়নের জন্য কাজ করবে।
লেখাপড়ার জ্ঞান অর্জনের সাথে সাথে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনজাতি সমাজকে সম্মান দিয়েছেন এবং বীর যোদ্ধা বিরসা মুন্ডার জন্মদিনকে ভারতীয় জনজাতিদের গৌরব দিবস হিসাবে আখ্যায়িত করেছেন। বিধায়ক স্বপ্না দেববর্মা বলেন, বিরসা মুন্ডা নিজের জাতিকে রক্ষা করার জন্য ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে দেশবাসীদের মধ্যে জাতীয়তাবোধ জাগানোর চেষ্টা চালিয়ে গেছেন।
আগামী দিনে পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করে ভবিষ্যত প্রজন্যাকে বলিষ্ঠ হতে হবে এবং উন্নয়নের শিখরে পৌঁছতে হবে। অনুষ্ঠানে ১৭১ জন ছেলেমেয়েদের এসটি ও পিআরটিসি সার্টিফিকেট প্রদান করা হয়।
সাথে হোস্টেলের ছেলেদের মধ্যে খেলার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে জিরানীয়া মহকুমা ভিত্তিক বোর্ডিং হাউসের চেয়ারম্যান সুধন দেববর্মা, ভাইস চেয়ারম্যান ভবরঞ্জন দেববর্মা, বিদ্যালয় শিক্ষা পরিদর্শক মেচার জমাতিয়া, সমাজ সেবক অভিজিৎ দেববর্মা ও উপেন্দ্র দেববর্মা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লোকনৃত্য ও ককবরক গান ও চিরাচরিত বেশভূষা পরিবেশিত হয়।








