প্রগতি ত্রিপুরা, আগরতলা, ১১ মার্চ।। কাঞ্চনপুর মহকুমার সুভাষনগরের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের দীঘলবাক এলাকায়। সেখানে অবস্থিত তক্ষশীলা নার্সিংহোম,যার কর্ণধার ও চিকিৎসক তপন শর্মা,অভিযোগের কেন্দ্রবিন্দুতে। পরিবার পরিজনদের অভিযোগ,গলব্লাডার স্টোন অপারেশনের জন্য ভর্তি হওয়ার পর চিকিৎসকদের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। তার মা,স্বামী ও বোনজামাতা জানান,রোগীর অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডাঃ তপন শর্মা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগর আরক্ষা দপ্তর ও মহকুমা প্রশাসন তৎপর হয়ে উঠে । দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসি জিনিয়াস দেববর্মা-সহ পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তদন্ত শুরু করেছে! তবে একাধিকবার চিকিৎসা পরিষেবায় গাফিলতির কারণে খবরের শিরোনামে এসেছে ধর্মনগরের এই তক্ষশীলা নার্সিংহোম!







