প্রগতি ত্রিপুরা, আগরতলা, ১১ মার্চ।। সীমান্ত এলাকায় জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিএসএফ 169 ব্যাটালিয়ানের উদ্যোগে একটি মহতী সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। জলেয়া বিএসএফ ক্যাম্পে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 169 নম্বর ব্যাটালিয়ানের কমান্ডেন্ট অজয় কুমার এবং ডিআইজি অনিল শর্মা। এই কর্মসূচির আওতায় সীমান্ত এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শিক্ষাসামগ্রী, ক্রীড়া সামগ্রী, বাদ্যযন্ত্র এবং যেখানে পানীয় জলের সুবিধা নেই, সেখানে প্রয়োজনীয় সরঞ্জাম প্রদান করা হয়েছে। বিএসএফের এই উদ্যোগ এলাকার শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করতে সাহায্য করবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষকরা। অনুষ্ঠানে বিএসএফ কর্মকর্তারা জানান, এই কর্মসূচির মূল উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষা সহায়তা দেওয়া নয়, বরং সীমান্ত এলাকার জনগণের সঙ্গে বিএসএফের সুসম্পর্ক গড়ে তোলা এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখা। সিভিক একশন প্রোগ্রামের মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন কর্মকর্তারা। এলাকাবাসীর মতে, এই মহতী উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বড় ধরনের সহায়ক হবে। পাশাপাশি, সীমান্ত এলাকায় বিএসএফ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে, যা সামগ্রিকভাবে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএসএফের এই মানবিক ও নিরাপত্তামূলক পদক্ষেপ সীমান্ত অঞ্চলের জনগণের মধ্যে আস্থার সেতুবন্ধন তৈরি করবে এবং দীর্ঘমেয়াদে শিক্ষাক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।







