অনলাইন ডেস্ক, ৫ মার্চ, ২০২৫: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ পশ্চিম ত্রিপুরা জেলার মোহনপুর মহকুমা বিভিন্ন সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি সীমান্তবর্তী এলাকায় কেন্দ্রীয় প্রকল্পে বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। তিনি বিওপিও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে রাজ্যপালের সঙ্গে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ও সমাহর্তা ডা: বিশাল কুমার, বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি একে শর্মা, বিএসএফ ১০৪ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট এন এস জামাল, মোহনপুর মহকুমার মহকুমা শাসক সুভাষ দত্ত প্রমুখ। সফরকালে রাজ্যপাল প্রথমে তারানগর বিএসএফ ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি জওয়ানদের থাকা খাওয়ার ব্যবস্থা, পানীয় জল, সিগন্যাল সেন্টার, অস্ত্রাগার পরিদর্শন করেন।
এখানে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেন দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিএসএফ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জয় বিএসএফ ক্যাম্পে রাজ্যপাল বিএসএফ জওয়ানদের ব্যবহৃত বিভিন্ন আগ্নেয়াস্ত্র পরিদর্শন করেন এবং এগুলির কার্যকারিতা সম্পর্কে অবগত হন। তারপর রাজ্যপাল বিজয়নগর সীমান্তবর্তী এলাকায় কৃষি কাজে ব্যবহৃত জলসেচ প্রকল্পটি পরিদর্শন করেন। তিনি ঈশানপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে স্ব-সহায়ক দলের মহিলাদের সঙ্গে, ব্রম্ভকুণ্ড পঞ্চায়েতের জনগণের সাথে এবং ভাগলপুর গ্রাম পঞ্চায়েতের জনগণের সাথে পিএম কিষান, প্রধানমন্ত্রী গ্রামসড়ক যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, হর ঘর বিজলী, জল জীবন মিশন, মহিলা স্ব-শক্তিকরণ বিষয়ে আলোচনা করেন।
তাছাড়া সীমান্ত এলাকায় শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা সহ নানা সুযোগ সুবিধার বিষয়ে মতবিনিময় করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বিভিন্ন মতবিনিময় সভায় বলেন সরকার জনগণের কল্যাণে অনেক কাজ করছে। জনগনের কাছে বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য। রাজ্যপাল মতবিনিময় সভায় কৃষিবিজ্ঞান কেন্দ্রে কৃষিকাজ, প্রাণী পালন পদ্ধতি বিষয়ে শিক্ষা গ্রহণ করে স্বাবলম্বনের পথে এগিয়ে যাওয়ার জন্য যুবক-যুবতীদের প্রতি আহ্বান জানান।








