অনলাইন ডেস্ক, ২৯ নভেম্বর, ২০২৬: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সন্ধ্যায় উমাকান্ত মিনি স্টেডিয়ামে ৭৫তম বিএন মল্লিক মেমোরিয়াল সর্বভারতীয় পুলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬-২৭-এর সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গত ১৬ নভেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ফুটবল দল অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল এই চ্যাম্পিয়নশিপকে ভারতের পুলিশ বাহিনীর গৌরবময় ঐতিহ্য এবং দেশের ঐক্যের চিরন্তন চেতনার প্রতি শ্রদ্ধার্ঘ্য বলে অভিহিত করেন। তিনি বলেন, খেলাধুলা শুধুমাত্র পদক ও ট্রফি জয়ের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শৃঙ্খলাবোধ, সহনশীলতা, দলগত সংহতি এবং জয়-পরাজয়কে সমানভাবে গ্রহণ করার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ত্রিপুরার ক্রমবর্ধমান ক্রীড়া সাফল্যের কথা তুলে ধরে রাজ্যপাল বলেন, ফুটবল এমন একটি খেলা, যা রাজ্যের গ্রাম থেকে শহর পর্যন্ত মানুষকে একসূত্রে আবদ্ধ করে রেখেছে। তিনি আন্তর্জাতিক স্তরে জিমন্যাস্ট দীপা কর্মকার এবং জুডোকা অস্মিতা দে-র সাফল্যের কথা স্মরণ করেন। তাঁদের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, সাধারণ পরিবার থেকে উঠে এসেও প্রতিভা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি অর্জন করা সম্ভব। রাজ্যের সম্প্রসারিত ক্রীড়া পরিকাঠামোর কথাও তিনি তুলে ধরেন।
এর মধ্যে রয়েছে খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অফ এক্সেলেন্স, ত্রিপুরা স্পোর্টস স্কুল এবং বাধারঘাটের দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে অবস্থিত স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কেন্দ্র। ত্রিপুরাজুড়ে ৪৫টি কোচিং সেন্টার এবং ১৩টি খেলো ইন্ডিয়া সেন্টারের উল্লেখ করে তিনি বলেন, গ্রামীণ এলাকার যুবসমাজের কাছে পেশাদার ক্রীড়া প্রশিক্ষণের সুযোগ পৌঁছে দিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। রাজ্যপাল আরও বলেন, রাজ্যের বিভিন্ন জেলায় সিন্থেটিক ফুটবল মাঠ গড়ে তোলার কাজ চলছে। পাশাপাশি সেকেরকোটে একটি অত্যাধুনিক ক্রিকেট অ্যাকাডেমি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের নির্মাণকাজও প্রায় সম্পূর্ণ হওয়ার পথে।
তিনি বিদ্যালয় স্তর থেকেই ক্রীড়া প্রতিভা চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান, শারীরশিক্ষার শিক্ষক এবং অভিভাবকদের পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলায় উৎসাহিত করার আহ্বান জানান।জাতীয় স্তরের এই প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের জন্য ত্রিপুরা পুলিশ এবং আসাম রাইফেলসের সুচারু পরিকল্পনা ও নিষ্ঠাপূর্ণ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল। আজ আসাম রাইফেলস এবং এসএসবি-র মধ্যে মহিলাদের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে এসএসবিকে ১-০ গোলে হারিয়ে অসাম রাইফেলস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। রাজ্যপাল অত্যন্ত আগ্রহের সঙ্গে এই উত্তেজনাপূর্ণ ম্যাচটি উপভোগ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাজ্যপাল বিজয়ী দলগুলির হাতে চ্যাম্পিয়নশিপ ট্রফি তুলে দেন। পুরুষ বিভাগে কেরালা পুলিশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে, মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয় আসাম রাইফেলস। পাশাপাশি উভয় বিভাগের সেরা ফুটবলারদের হাতেও পুরস্কার তুলে দেন তিনি। আসাম রাইফেলসের ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল বিকাশ লাখেরা রানার্স-আপ এবং তৃতীয় স্থানাধিকারী দলগুলির হাতে ট্রফি তুলে দেন।
পুরুষ বিভাগে পশ্চিমবঙ্গ পুলিশ রানার্স-আপ হয় এবং তৃতীয় স্থান অর্জন করে সিআইএসএফ। মহিলা বিভাগে রানার্স-আপ হয় এসএসবি এবং তৃতীয় স্থান অর্জন করে ওড়িশা মহিলা পুলিশ দল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আসাম রাইফেলস এবং ভারতীয় সেনাবাহিনীর মনোমুগ্ধকর প্রদর্শনী। এর মধ্যে ছিল ২৬ মাদ্রাজ রেজিমেন্টের কলারিপায়াট্টু প্রদর্শন, নিরস্ত্র যুদ্ধকৌশলের প্রদর্শনী, মহিলা পাইপ ব্যান্ডের পরিবেশনা, মণিপুরি মার্শাল আর্ট এবং ডগ স্কোয়াডের চমকপ্রদ প্রদর্শনী। অনুষ্ঠানের শেষে আসাম রাইফেলসের ডিআইজি তথা ২১ সেক্টর আসাম রাইফেলসের কমান্ডার নিশান্ত চন্দেল ধন্যবাদ জ্ঞাপন করেন। ক্রীড়া নৈপুণ্য, শৃঙ্খলা, পারস্পরিক সৌহার্দ্য এবং পুলিশ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে জাতীয় সংহতির চেতনাকে উদযাপনের মধ্য দিয়ে এক বর্ণাঢ্য পরিবেশে এই চ্যাম্পিয়নশিপের পরিসমাপ্তি ঘটে।








