অনলাইন ডেস্ক,২৫ নভেম্বর, ২০২৬: সুস্থ ও সুন্দর সমাজ গঠনে প্রতিটি সম্প্রদায়কে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে। গতকাল শান্তিরবাজার মহকুমার পশ্চিম পতিছড়ি মুড়াসিং পাড়ায় অবস্থিত শ্রী শ্রী হরিচান গোস্বামী আশ্রম প্রাঙ্গণে তথ্য ও সংস্কৃতি দপ্তর, শান্তিরবাজার মহকুমা প্রশাসন এবং রাজ্যভিত্তিক মুড়াসিং সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের যৌথ উদ্যোগে আয়োজিত রাজ্যভিত্তিক মুড়াসিং সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করে একথা বলেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। তিনি বলেন, এই উৎসবের মাধ্যমে বিভিন্ন জাতি ও জনজাতির মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়।
পাশাপাশি, এ ধরনের অনুষ্ঠান যাতে সমাজে ইতিবাচক প্রভাব বিস্তার করতে পারে, সেদিকেও সকলকে গুরুত্ব দিতে হবে। প্রত্যেক সম্প্রদায়কে নিজ নিজ কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এছাড়াও যুবক-যুবতীদের নেশামুক্ত সমাজ গঠন, শিক্ষার প্রসার এবং বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে বিধায়ক প্রমোদ রিয়াং বলেন, মুড়াসিং সমাজের রীতিনীতি, কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরা এবং আগামী প্রজন্মের কাছে তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর এই উৎসবের আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, বর্তমান সরকার রাজ্যের সকল সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতির বিকাশে গুরুত্ব দিয়ে কাজ করছে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিটিএএডিসি-র কার্যনির্বাহী সদস্য কেনারাম রিয়াং, দেবজিৎ ত্রিপুরা, দক্ষিন ত্রিপুরা জেলার জেলাশাসক মহঃ সাজাদ পি, শান্তিরবাজার মহকুমার মহকুমা শাসক দীপিকা গৌতম এবং তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহ-অধিকর্তা মনোজ দেববর্মা প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মুড়াসিং সমাজের বিশিষ্ট ব্যক্তিত্ব ঋষিসিং মুড়াসিং।
অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন রাজ্যভিত্তিক মুড়াসিং সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের পরিচালন কমিটির সম্পাদক কঙ্কন মুড়াসিং। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পতিছড়ি মুড়াসিং পাড়ার মুড়াসিং হদা চকদ্রির অধীন পদ মুড়াসিং। উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিগণ মেলা প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টলগুলির উদ্বোধন করেন।








