শিশু অধিকার, বাল্যবিবাহ প্রতিরোধ, টিনেজ প্রেগন্যান্সি ও নেশামুক্ত ত্রিপুরা গঠনে খোয়াইয়ে সচেতনতামূলক কর্মসূচি

অনলাইন ডেস্ক,২৫ নভেম্বর, ২০২৬: শিশুদের অধিকার, সুরক্ষা এবং তাদের প্রতি সমাজের দায়বদ্ধতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের উদ্যোগে এবং খোয়াই জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের সহযোগিতায় গতকাল খোয়াই ব্লকের ছন্দনীর কমিউনিটি হলে এক দিনের সচেতনতামুলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধন করেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা।

অনুষ্ঠানের প্রধান অতিথি খোয়াই জিলা পরিষদের সভাধিপতি অপর্ণা সিংহ রায় তার বক্তব্যে শিশু অধিকার রক্ষা, শিশুদের নিরাপত্তা, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব এবং শিশু অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রযোজ্য আইন ও তার পরিণতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিশুদের একটি নিরাপদ, সুস্থ ও শিশুবান্ধব পরিবেশে বেড়ে ওঠার সুযোগ নিশ্চিত করার জন্য সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা বলেন, শিশুরা দেশের ভবিষ্যৎ।

তাদের সার্বিক বিকাশে রাজ্য সরকার নানা উন্নয়নমূলক কর্মসূচি রূপায়ণ করছে। তিনি শিশু অধিকার রক্ষা, শিশুদের নিরাপত্তা, অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব এবং শিশু অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে প্রযোজ্য আইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি শিশুদের সুরক্ষা ও সহায়তার জন্য টোল-ফ্রি চাইন্ড হেল্পলাইন নম্বর ১০৯৮ বিদ্যালয়ের দৃশ্যমান স্থানে প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেন। এছাড়া বক্তব্য রাখেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্য গৌতম কুমার শীল ও সদস্যা চামেলী সাহা।

অনুষ্ঠানের কারিগরি পর্বে রিসোর্স পার্সন অনিমা দেববর্মা ছাত্রছাত্রীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি শিশুদের মৌলিক অধিকার, শিশু সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন ও বিধান এবং কোনও ধরনের নির্যাতন, শোষণ বা বিপদের সম্মুখীন হলে কোথায় ও কিভাবে সাহায্য চাইতে হবে, সে বিষয়ে বিস্তারিতভাবে অবহিত করেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তার এই মতবিনিময় পর্বটি বিশেষ তাৎপর্য লাভ করে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিক্ষা আধিকারিক কার্যালয়ের ও এস ডি মতিলাল দেববর্মা। অনুষ্ঠানে এলাকার শিল্পীগণ শিশু বিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক একাঙ্ক নাটক পরিবেশন করেন। অনুষ্ঠানে বহু ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক যীশুজিৎ দাস।

Leave a Comment