প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৬: আগরতলা পুর নিগমের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১৬ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী পিনাকী চক্রবর্তীর নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। রামনগর এলাকার বিভিন্ন পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন তিনি। প্রচারে স্থানীয় বাসিন্দাদের উৎসাহ ও সাড়া মিলছে বলে দাবি প্রার্থী ও দলীয় সূত্রের।
জনসংযোগ কর্মসূচিতে এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন পিনাকী চক্রবর্তী। ভোটারদের কাছে নিজের সমর্থনে ভোট চেয়ে তিনি এলাকার উন্নয়নকে অগ্রাধিকারের ভিত্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দেন।
প্রচারে তিনি জানান, মানুষের ভালোবাসা, বিশেষ করে যুবসমাজ, অভিভাবক এবং মহিলাদের উৎসাহ তাঁকে আরও অনুপ্রাণিত করছে। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর প্রধান লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
এদিন ১৬ নম্বর ওয়ার্ডের প্রচারে ৩৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী তথা এমআইসি তুষার কান্তি ভট্টাচার্যের উপস্থিতিও বিশেষভাবে উল্লেখ করা হয়।
পিনাকী চক্রবর্তীর সমর্থনে তাঁর প্রচারে অংশগ্রহণকে দলীয় কর্মসূচিতে বাড়তি উৎসাহ হিসেবে দেখছেন কর্মী-সমর্থকরা।
রামনগরকে পরিচ্ছন্ন, সবুজ ও উন্নত এলাকা হিসেবে গড়ে তোলার পাশাপাশি নেশামুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন বিজেপি প্রার্থী। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার উন্নয়নমূলক ভাবনাকে সামনে রেখে ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ উদ্যোগ বাস্তবায়নের কথাও প্রচারে উঠে আসে।
আগামী ২৭ নভেম্বরের পুর নির্বাচনে এলাকার মানুষের সমর্থন নিয়ে জয়ের লক্ষ্যে প্রচার চালিয়ে যাচ্ছেন পিনাকী চক্রবর্তী। উন্নয়ন, জনসংযোগ এবং নেশামুক্ত সমাজ গড়ার বার্তাকে সামনে রেখেই ১৬ নম্বর ওয়ার্ডে ভোটারদের কাছে পৌঁছচ্ছেন তিনি।








