প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৬: অসমের চুরাইবাড়ি ওয়াচ পোস্টে পুলিশের তল্লাশিতে ফের সামনে এল নিষিদ্ধ কফ সিরাপ পাচারের ঘটনা। সোমবার রাঁচি থেকে আগরতলাগামী একটি কন্টেইনার গাড়ি থেকে বিপুল পরিমাণ এসকাফ কফ সিরাপ উদ্ধার করেন পুলিশকর্মীরা।
তল্লাশিতে গাড়ি থেকে মোট ৩৪ হাজার ৪৫০ বোতল কফ সিরাপ উদ্ধার করা হয়। ২৩০টি কার্টুনে এই সিরাপ পরিবহণ করা হচ্ছিল। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক কালোবাজারি মূল্য ১৭ কোটি ২ লক্ষ ২৫ হাজার টাকা বলে জানা গিয়েছে।
ঘটনায় গাড়ির চালক রাজেন্দ্র প্রসাদকে আটক করেছে পুলিশ। তিনি বিহারের নওয়াদা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে।
এত বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপের উৎস এবং পাচারের সম্ভাব্য গন্তব্য সম্পর্কে জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। রুটিন যানবাহন তল্লাশির সময় এই বড়সড় চালান উদ্ধারের ঘটনায় চুরাইবাড়ি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।








