সংবাদ প্রতিবেদনে উঠে আসা অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস, অনৈতিক কর্মকাণ্ডে দলের সমর্থন নেই বলে স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রীর

প্রগতি ত্রিপুরা, ২৩ নভেম্বর, ২০২৬: সংবাদমাধ্যমে প্রকাশিত ‘মাস্ক বাহিনী’ সংক্রান্ত খবরকে ঘিরে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নজরে আসার পর দলের অভ্যন্তরে অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি স্পষ্ট করে দেন, এ ধরনের কোনও কর্মকাণ্ডকে দল সমর্থন করে না কিংবা প্রশ্রয় দেওয়ার পক্ষপাতী নয়।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন থেকেই তিনি বিষয়টি সম্পর্কে জানতে পেরেছেন। ঘটনার প্রকৃত বিবরণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় এবং কোথায় কী ঘটেছে, তা জানতে দলের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি।

দলীয় স্তরে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তাঁকে জানানো হয়েছে। ঘটনার সঙ্গে দলের কোনও কর্মী যুক্ত রয়েছেন কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, সংশ্লিষ্টদের বিষয়টি তদন্ত করে তথ্য সংগ্রহ করতে বলা হয়েছে। তদন্তের ফলাফল বা রিপোর্ট হাতে না আসা পর্যন্ত কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক হবে না।

তিনি আরও জানান, দলীয় অনুসন্ধানের পাশাপাশি অন্যান্য সূত্র থেকেও ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। তদন্তে প্রকৃত তথ্য সামনে এলে সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

 

Leave a Comment