বিশালগড়ে চুরির ঘটনা অব্যাহত, এবার নিশানায় সরকারটিলা হাইস্কুল

প্রগতি ত্রিপুরা, ২২ নভেম্বর, ২০২৬: স্কুলের তালা ভেঙে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সামগ্রী চুরি, ঘটনায় এলাকায় আতঙ্ক। বিশালগড় এলাকায় চুরির ঘটনা যেন থামার নামই নিচ্ছে না। এবার চোরের দল হানা দিল সরকারটিলা হাইস্কুলে।

বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল টপকে ভিতরে প্রবেশ করে দরজার তালা ভেঙে বৈদ্যুতিক তারসহ বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

জানা যায়, গত শনিবার রাতে চোরের দল বিদ্যালয়ের সীমানা প্রাচীর টপকে স্কুল চত্বরে প্রবেশ করে। এরপর বিভিন্ন কক্ষের তালা ভেঙে ভিতরে ঢুকে বৈদ্যুতিক তার খুলে নিয়ে যায়। পাশাপাশি স্কুলের কক্ষে থাকা শোকেস ভেঙে বিভিন্ন সামগ্রীও চুরি করে নিয়ে যায় বলে অভিযোগ।

রবিবার সকালে স্কুল পরিচালন কমিটির (এসএমসি) কর্মকর্তারা বিষয়টি নজরে আসতেই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের খবর দেন। খবর পেয়ে শিক্ষক-শিক্ষিকারা স্কুলে ছুটে আসেন এবং পরবর্তীতে বিশালগড় থানায় খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে পুলিশও বিদ্যালয়ে পৌঁছে তদন্ত শুরু করে।

শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

বিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানে চুরির ঘটনা সামনে আসায় প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

স্থানীয়দের দাবি, বিশালগড় এলাকায় চুরির ঘটনা রোধে পুলিশ ও প্রশাসনকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং রাতের নিরাপত্তা ও টহল ব্যবস্থা জোরদার করতে হবে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

Leave a Comment