নির্বাচনী সন্ত্রাস ও প্রচারসজ্জা নষ্টের অভিযোগ, পশ্চিম থানায় সিপিআইএমের স্মারকলিপি

প্রগতি ত্রিপুরা, ২২ নভেম্বর, ২০২৬: আসন্ন আগরতলা পৌর নিগম নির্বাচনকে ঘিরে শহরের বিভিন্ন এলাকায় বিরোধী দলের প্রচারে বাধা, পতাকা ও ফেস্টুন ছিঁড়ে ফেলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছে সিপিআইএম।

এ বিষয়ে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে সিপিআইএম সদর মহকুমা কমিটির এক প্রতিনিধি দল আগরতলা পশ্চিম থানার ওসির সঙ্গে দেখা করে লিখিত স্মারকলিপি জমা দেন।

প্রতিনিধি দলের অভিযোগ, নির্বাচনী প্রচারের জন্য লাগানো সিপিআইএমের পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন ও অন্যান্য প্রচারসজ্জা বিভিন্ন জায়গায় নষ্ট করে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও লাগানোর কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলি সরিয়ে ফেলা হচ্ছে বা ড্রেনে ফেলে দেওয়া হচ্ছে।

পাশাপাশি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচার চালানোর ঘটনাও ঘটছে বলে দাবি করেন তাঁরা।
থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের প্রতিনিধিরা জানান, আগামী ২৭ তারিখের পৌর নিগম নির্বাচনকে সামনে রেখে কয়েকটি এলাকায় বিরোধী প্রার্থীদের প্রচারে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।

তাঁদের অভিযোগ, ১৪ নম্বর ওয়ার্ড, ১৫ নম্বর ওয়ার্ডের একাংশ, ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ড এবং রামনগরের পিছনের অংশ, কালিকাপুর বর্ডার, গুলচক্কর, রাজনগর ও ডিসি বাট্টা এলাকায় ভীতির পরিবেশ তৈরি করা হয়েছে।

এমন পরিস্থিতিতে ১৪ নম্বর ওয়ার্ডের মহিলা প্রার্থী এবং ১৫ নম্বর ওয়ার্ডের এক ক্ষুদ্র ব্যবসায়ী প্রার্থী বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাতে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলেও অভিযোগ করা হয়। সন্ধ্যার পর কয়েকটি এলাকায় বিরোধী দলের কর্মীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে বলে দাবি প্রতিনিধি দলের।

সিপিআইএমের পক্ষ থেকে জানানো হয়, নির্বাচনী প্রচারে বাধা ও বিভিন্ন ঘটনার বিস্তারিত বিবরণ উল্লেখ করে পুলিশ প্রশাসন এবং নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানানো হবে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা দাবি করেন তাঁরা।

পাশাপাশি সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ, প্রার্থীদের নির্বিঘ্নে প্রচার এবং ভোটগ্রহণের দিন পোলিং এজেন্টদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সিপিআইএম। ভোটকেন্দ্রে যাতায়াত থেকে শুরু করে ভোট শেষে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করার জন্যও পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছে।

প্রতিনিধি দলের বক্তব্য, নির্বাচনী প্রক্রিয়ায় সকল রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্ব প্রশাসনের। তাই অভিযোগগুলির তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

 

Leave a Comment