মুখ্যমন্ত্রীর রোড শোতে গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ, বিশালগড়ে চাঞ্চল্য

প্রগতি ত্রিপুরা, ২২ নভেম্বর, ২০২৬: রাজনৈতিক কর্মসূচিতে গাড়ি নিয়ে অংশগ্রহণকে কেন্দ্র করে প্রতিবেশীদের মধ্যে বিরোধের জেরে বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। ঘটনাটি বিশালগড়ের পূর্ব লক্ষ্মীবিলের বুড়ামাপাড়া এলাকায়। এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ অনুযায়ী, গতকাল বিশালগড় বাজারে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহার উপস্থিতিতে বিজেপির নির্বাচনী রোড শো অনুষ্ঠিত হয়। ওই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিভিন্ন এলাকা থেকে কর্মী-সমর্থকদের নিয়ে আসতে গাড়ি ভাড়া করা হয়েছিল। পূর্ব লক্ষ্মীবিল বুড়ামাপাড়া এলাকার বাসিন্দা প্রদীপ শীলের মারুতি ভ্যানও ওই রোড শোতে অংশ নেয়। আর এই বিষয়কে কেন্দ্র করেই প্রতিবেশীদের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয় বলে অভিযোগ।

প্রদীপ শীলের অভিযোগ, গতকাল রাতে তাঁর বাড়ির সামনে রাখা মারুতি ভ্যানটিতে আগুন ধরিয়ে দেন প্রতিবেশী শ্যামল শীল ও রঞ্জিত শীল। আগুন লাগার পর বিকট শব্দ শুনে তিনি ঘর থেকে বেরিয়ে আসেন। তখন অভিযুক্তরা তাঁর বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করছিলেন বলে দাবি করেন প্রদীপ শীল। বিজেপির কর্মসূচিতে গাড়ি নিয়ে যাওয়ার কারণেই তাঁকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। তাঁর বক্তব্য, এলাকায় থাকতে হলে বিজেপি করা যাবে না বলে তাঁকে বলা হয়।

প্রদীপ শীলের চিৎকার শুনে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। ঘটনাস্থলে রঞ্জিত শীলের একটি মোবাইল ফোন পড়ে যায় বলেও অভিযোগকারীর দাবি।

ঘটনার পর রবিবার দুপুরে প্রদীপ শীল ও তাঁর পরিবারের সদস্যরা বিশালগড় থানায় গিয়ে শ্যামল শীল ও রঞ্জিত শীলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।

মুখ্যমন্ত্রীর নির্বাচনী রোড শোকে কেন্দ্র করে এমন অগ্নিসংযোগের অভিযোগ সামনে আসায় এলাকায় নিরাপত্তা ও রাজনৈতিক সহনশীলতা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী পরিবারের সদস্যরা।

তবে এই ঘটনায় অভিযুক্তদের বক্তব্য এবং পুলিশের তদন্তের অগ্রগতি এখনও জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমেই নিশ্চিতহবে।

 

Leave a Comment