প্রগতি ত্রিপুরা, ২২ নভেম্বর, ২০২৬: আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্র করে আগরতলা পুর নিগমের ৪৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী মনিকা দাস দত্তের সমর্থনে এক সুবিশাল বাইক র্যালির আয়োজন করা হয়। র্যালিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরীসহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা।
ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে র্যালিটি শেষ হয় টেকরই চৌমুহনী বাজারে। র্যালিতে বিপুল সংখ্যক যুবক ও দলীয় সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়। নির্বাচনী প্রচারে জনসংযোগ ও সমর্থকদের উচ্ছ্বাসকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হয়।
র্যালি শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলীয় নেতৃত্ব জানান, ইতিমধ্যেই প্রায় আটটি ওয়ার্ডে এ ধরনের বাইক র্যালি অনুষ্ঠিত হয়েছে। ৪৩ নম্বর ওয়ার্ডের কর্মসূচিতেও শত শত যুবকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে বলে তাঁদের দাবি। যুবসমাজের এই উপস্থিতিকে বিজেপির প্রতি আস্থা ও সমর্থনের প্রতিফলন বলেও উল্লেখ করেন তাঁরা।
দলীয় নেতৃত্বের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির প্রতি যুবসমাজের আস্থা ক্রমশ বাড়ছে। এই জনসমর্থনের ভিত্তিতে আগামী নির্বাচনে ফের পুর নিগম গঠনের বিষয়ে তাঁরা আশাবাদী।
নির্বাচনী ফলাফল নিয়েও আত্মবিশ্বাস প্রকাশ করে বিজেপি নেতৃত্ব দাবি করেন, আগামী ২ তারিখ ফলাফল ঘোষণার পর আগরতলা পুর নিগমের ৫১টি ওয়ার্ডেই দল উল্লেখযোগ্য ভোটের ব্যবধানে জয়লাভ করবে। পাশাপাশি রাজ্যের আগরতলা বাদে বাকি ২০টি পুরসভাতেও বিজেপি প্রার্থীরা জয়ী হবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
Lনির্বাচনকে সামনে রেখে ৪৩ নম্বর ওয়ার্ডে এই বাইক র্যালির মাধ্যমে বিজেপি তাদের প্রচার কর্মসূচিকে আরও জোরদার করল।








