প্রগতি ত্রিপুরা, ১৯ নভেম্বর, ২০২৬: উদয়পুর পৌর পরিষদের আসন্ন নির্বাচনে ২৩টি আসনেই বিজেপি জয়লাভ করবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়। বৃহস্পতিবার উদয়পুর পৌর পরিষদের বিভিন্ন এলাকায় বিজেপি মনোনীত প্রার্থীদের সমর্থনে বাড়ি বাড়ি প্রচার চালান তিনি। প্রচার কর্মসূচির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে বেশ কয়েকজন কর্মী-সমর্থক বিজেপিতে যোগদান করেন।
দিনের কর্মসূচির শেষে উদয়পুর পৌর পরিষদের ২২ নম্বর ওয়ার্ডে এক জনসভার আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় বলেন, রাজ্যে বিজেপি সরকার থাকলেই আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। সেই বার্তা নিয়ে কংগ্রেস ও সিপিএমের সমর্থকদের কাছেও পৌঁছানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, আগরতলা পুরনিগম থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন পুরসভা ও নগর পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে সাধারণ মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে। বিশেষ করে মা-বোনসহ সমাজের বিভিন্ন অংশের মানুষের সমর্থন বিজেপির পক্ষে রয়েছে বলে দাবি করেন তিনি।
আসন্ন নির্বাচনে রাজ্যের সমস্ত নগর সংস্থায় বিজেপি জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রদেশ সভাপতি। আগরতলা পুরনিগমের পাশাপাশি উদয়পুর পৌর পরিষদের ২৩টি আসনেও দলের জয় হবে বলে দাবি করেন তিনি।








