কাঞ্চনপুরে লালজুরি এবং জয়শ্রী বাজারে যৌথ খাদ্য সুরক্ষা অভিযান

অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর, ২০২৬: আজ উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার লালজুরি এবং জয়শ্রী বাজারে একটি বিশেষ যৌথ পরিদর্শন ও এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়েছে। কাঞ্চনপুরের মহকুমা শাসকের কার্যালয়ের তত্ত্বাবধানে এবং সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও কর্মীদের সমন্বয়ে এই অভিযান সম্পন্ন হয়। অভিযানে চিপস, বিভিন্ন মিষ্টির দোকান সামগ্রী সহ বিভিন্ন ধরনের মেয়াদোত্তীর্ণ ও ক্ষতিকারক খাদ্যপণ্য বাজেয়াপ্ত করে জনসমক্ষে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।

বাজারের বিভিন্ন মুদি দোকান ও খাদ্যসামগ্রীর প্রতিষ্ঠানে এই আকস্মিক পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল সাধারণ ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি এড়ানো এবং ব্যবসায়ীরা যাতে নির্ধারিত খাদ্য সুরক্ষা আইন ও মানদণ্ড সঠিকভাবে মেনে চলেন তা নিশ্চিত করা। পরিদর্শনের সময় অনেক ব্যবসায়ীকে প্রয়োজনীয় সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে আইনগত নিয়মাবলী কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থ এবং উপভোক্তাদের অধিকার সুরক্ষার এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী দিনেও এ ধরনের অভিযান জেলার বিভিন্ন বাজারে নিয়মিতভাবে অব্যাহত থাকবে। ভেজাল রোধ এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে জেলা প্রশাসন সবসময় সচেষ্ট রয়েছে। উত্তর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

Leave a Comment