নগর সংস্থার ভোট, সিপাহীজলা জেলায় রাজ্য নির্বাচন কমিশনারের উপস্থিতিতে বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক, ১৭ নভেম্বর, ২০২৬: আসন্ন স্থানীয় নগর সংস্থার সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজ্য নির্বাচন কমিশনার ড. প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে আজ সিপাহীজলা জেলার জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রিটার্নিং অফিসার, মহকুমা পুলিশ আধিকারিক, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং সেক্টর অফিসারগণ উপস্থিত ছিলেন। বৈঠকে সিপাহীজলা জেলার পুলিশ সুপার এবং অতিরিক্ত জেলাশাসকও উপস্থিত ছিলেন।

বৈঠকে জেলার সামগ্রিক নির্বাচনী প্রস্তুতি বিশেষ করে নির্বাচনী প্রক্রিয়া পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আইন-শৃঙ্খলা রক্ষার ব্যবস্থা, ভোটকেন্দ্রগুলির শ্রেণিবিন্যাস, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর প্রস্তুতি ও ব্যবস্থাপনা এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত অন্যান্য বিবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তাছাড়াও স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের নিয়ে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বিজেপি, আইপিএফটি, টিএমপি, আইএনসি এবং সিপিআই(এম)-এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে আদর্শ আচরণবিধি এবং আসন্ন নির্বাচন সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি জেলার বিদ্যমান নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
রাজ্য নির্বাচন কমিশনার উপস্থিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপর বিশেষভাবে জোর দেন। বৈঠক শেষে রাজ্য নির্বাচন কমিশনার বিশালগড় মহকুমার মহকুমা শাসকের কার্যালয়ে বিশালগড় মিউনিসিপ্যাল কাউন্সিল ও সোনামুড়া নগর পঞ্চায়েতের জন্য নির্ধারিত স্ট্রং রুম এবং গণনা কক্ষ পরিদর্শন করেন।

জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন-শৃঙ্খলা বজায় রাখা, আদর্শ আচরণবিধি যথাযথভাবে অনুসরণ নিশ্চিত করা এবং একটি স্বচ্ছ ও সুশৃঙ্খল নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সিপাহীজলা জেলা জেলাশাসক কার্যালয় থেকে উক্ত সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment