প্রগতি ত্রিপুরা, ১৭ নভেম্বর, ২০২৬: মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে দায়ের করা মামলার অগ্রগতি নিয়ে কৈলাসহরের কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করল জেলা কংগ্রেস নেতৃত্ব।
মঙ্গলবার আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন কৈলাসহরের কংগ্রেস বিধায়ক বিরজিত সিনহা, ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, চন্দ্রশেখর সিনহা এবং ঊনকোটি জেলা কংগ্রেসের সহ-সভাপতি তথা ত্রিপুরা হাইকোর্টের আইনজীবী নর সিংহ দাস।
সাংবাদিক সম্মেলনে আইনজীবী নর সিংহ দাস অভিযোগ করেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে চণ্ডীপুর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করে মন্ত্রী হন টিংকু রায়। নির্বাচনের সময় রিটার্নিং অফিসারের কাছে জমা দেওয়া হলফনামায় তিনি নিজের বিরুদ্ধে কোনও ফৌজদারি মামলা নেই বলে উল্লেখ করেছিলেন।
পাশাপাশি, মধ্যপ্রদেশের গোয়ালিয়র বোর্ড থেকে উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার যে তথ্য ও শংসাপত্র জমা দিয়েছিলেন, সেটিও ভুয়া বলে অভিযোগ করেন নর সিংহ দাস।
এই অভিযোগগুলির ভিত্তিতে কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ মামলা নথিভুক্ত করেনি বলে দাবি কংগ্রেসের। পরবর্তীতে তিনি কৈলাসহর আদালতের দ্বারস্থ হন।
নর সিংহ দাস জানান, ওই মামলার চতুর্থ শুনানি হয় গত ১৬ নভেম্বর, সোমবার। শুনানিতে বিচারক কৈলাসহর থানার ওসিকে মামলাটি দ্রুত নথিভুক্ত করে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বলে দাবি করেন তিনি।
একই সঙ্গে মামলার অগ্রগতি সম্পর্কে আগামী ১৭ ডিসেম্বর পঞ্চম শুনানিতে আদালতকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান আইনজীবী।
আদালতের এই নির্দেশে সন্তোষ প্রকাশ করে কংগ্রেস নেতৃত্ব।
পাশাপাশি, মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপন ও ভুয়া শিক্ষাগত শংসাপত্র ব্যবহারের অভিযোগের বিষয়ে আগামী দিনে সিবিআই তদন্তের দাবিতে ত্রিপুরা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার কথাও জানান নর সিংহ দাস।








