তীর জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান, চন্দ্রপুর ও মোহনপুর থেকে গ্রেফতার ৬

প্রগতি ত্রিপুরা, ১৭ নভেম্বর, ২০২৬: অবৈধ তীর জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে চন্দ্রপুর ও মোহনপুর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি তীর জুয়া সংক্রান্ত খবর প্রকাশ্যে আসার পরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা শুরু করে প্রশাসন। এরই ধারাবাহিকতায় নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পুলিশ আধিকারিকরা বিশেষ অভিযান চালান। অভিযানে তীর জুয়ার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়।

অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে তীর খেলার বিভিন্ন সরঞ্জাম, মোবাইল ফোন, কাগজের স্লিপ এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

ধৃতদের বিরুদ্ধে ত্রিপুরা জুয়া আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই অবৈধ জুয়ার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, বিশেষ করে এর নেপথ্যে কোনো অর্থদাতা বা মূল চক্রের সদস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে এলাকায় অবৈধ জুয়া ও সংশ্লিষ্ট কার্যকলাপ বন্ধ করতে আগামী দিনেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে ইঙ্গিত মিলেছে।

 

Leave a Comment