প্রগতি ত্রিপুরা, ১৭ নভেম্বর, ২০২৬:: আগরতলা পুর নিগমের ৪৮ নম্বর ওয়ার্ডের বামফ্রন্ট মনোনীত প্রার্থী চম্পা দে-র সমর্থনে হাপানিয়া দুর্গাপাড়া ও পুরুলিয়া গ্রামে বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রচারে প্রার্থী চম্পা দে-র সঙ্গে উপস্থিত ছিলেন ঝর্ণা দাস বৈদ্য, সিপিআই(এম) হাপানিয়া অঞ্চল কমিটির সম্পাদক আবুল হুসেন, পার্টি নেতা অরুণ কুমার সাহা, রামানন্দ দেব, বিশাল চক্রবর্তী, রুমা দে, আশীষ পাল, বিমল চক্রবর্তী, তপন বিশ্বাস, যুব নেতৃত্ব সীমা কর-সহ দলের কর্মী-সমর্থকরা।
প্রচার চলাকালীন এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন বামফ্রন্টের নেতাকর্মীরা। তাঁদের দাবি, বাড়ি বাড়ি প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া ও আশীর্বাদ মিলেছে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতি, ক্ষোভ ও নিরাপত্তাহীনতার মনোভাবও তাঁদের নজরে এসেছে বলে জানান এক বামনেতা।
ওই নেতার অভিযোগ, অবাধে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন কি না, তা নিয়ে অনেক ভোটারের মধ্যে সংশয় রয়েছে। তাঁর আরও দাবি, এলাকায় বহিরাগত ও অল্পবয়সি যুবকদের আনাগোনার কারণে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। বিরোধী দলের প্রার্থীরা বাড়িতে গেলে কিংবা তাঁদের সঙ্গে কেউ কথা বললে শাসকদলের লোকজনের কাছ থেকে হুমকি ও ধমকের মুখে পড়তে হয় বলেও স্থানীয়দের একাংশ অভিযোগ করেছেন।
এলাকার উন্নয়ন প্রসঙ্গে বামনেতা বলেন, পুর নিগম এলাকার একাধিক রাস্তার অবস্থা বেহাল। সিসি রোড নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি বামফ্রন্ট সরকারের আমলে নির্মিত রাস্তাগুলিরও যথাযথ রক্ষণাবেক্ষণ হচ্ছে না বলে দাবি করেন। সাধারণ মানুষ তাঁদের দৈনন্দিন সমস্যা ও অভাব-অভিযোগ জনপ্রতিনিধিদের কাছে তুলে ধরতেও স্বাচ্ছন্দ্যবোধ করছেন না বলে তাঁর বক্তব্য।
বর্তমান পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে বলেও দাবি করেন ওই বামনেতা। তিনি বলেন, সমস্ত ভয়ভীতি উপেক্ষা করে গণতান্ত্রিক অধিকার রক্ষায় ভোটারদের এগিয়ে আসতে হবে। সিপিআই(এম)-এর পক্ষ থেকে আগামী নির্বাচনে দলবদ্ধভাবে ভোটকেন্দ্রে গিয়ে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়েছে।








