প্রগতি ত্রিপুরা, ১৭ নভেম্বর, ২০২৬:: আগরতলা পুর নিগমের ২৪নম্বর ওয়ার্ডে ভারতীয় জাতীয় কংগ্রেস মনোনীত প্রার্থী প্রসেনজিৎ সিনহা নির্বাচনী প্রচারে নামলেন। ওয়ার্ডের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে জনসংযোগ করেন তিনি।
প্রচারে স্থানীয় মানুষের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে দাবি করেন কংগ্রেস প্রার্থী ও দলীয় কর্মী-সমর্থকরা। প্রচার চলাকালীন রাজ্যের বিজেপি পরিচালিত সরকারের পাশাপাশি পুর নিগমের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন প্রসেনজিৎ সিনহা।
তাঁর অভিযোগ, বিভিন্ন এলাকায় কংগ্রেস কর্মী-সমর্থকদের উপর হামলা ও হুমকির ঘটনা ঘটছে। পাশাপাশি পুর নিগমের বিরুদ্ধে দুর্নীতি, মশার উপদ্রব নিয়ন্ত্রণে ব্যর্থতা, পানীয় জলের সমস্যা এবং বিদ্যুৎ পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ তুলে ধরেন তিনি।
এছাড়াও বিভিন্ন ধরনের কর বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়ানোর অভিযোগ তোলেন কংগ্রেস প্রার্থী। তাঁর বক্তব্য, নাগরিক পরিষেবার উন্নয়নের পরিবর্তে সাধারণ মানুষকে একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।
নির্বাচনী প্রচারে মানুষের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে বিজেপির বিরুদ্ধে সরব হন প্রসেনজিৎ সিনহা। নির্বাচনে তাঁকে সমর্থন করার জন্য ওয়ার্ডবাসীর কাছে আবেদন জানান তিনি।








