পুর নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর দাবিতে জেলাশাসকের দপ্তরে কংগ্রেসের ধর্না, নিরাপত্তা নিয়ে সরব সুদীপ

প্রগতি ত্রিপুরা, ১৬ নভেম্বর, ২০২৬: পুর নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরালো হচ্ছে নিরাপত্তা নিয়ে বিরোধীদের উদ্বেগ। সুষ্ঠু মনোনয়ন, নির্বাচনী প্রচার, আগামী ২৭ নভেম্বর ভোটগ্রহণ এবং ২ ডিসেম্বর গণনা প্রক্রিয়ায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে বারবার প্রশাসনের দ্বারস্থ হচ্ছে বিরোধী শিবির। ইতিমধ্যে রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে অতিরিক্ত ২৫ কোম্পানি সিআরপিএফ চাওয়া হলেও তাতে পুরোপুরি আশ্বস্ত নয় বিরোধীরা।

সোমবার নিরাপত্তার দাবিতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে ধর্নায় বসে কংগ্রেস। উপস্থিত ছিলেন বিধায়ক তথা কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মী-সমর্থকরা। জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক ড. বিশাল কুমারের দপ্তরের সামনে অবস্থান নিয়ে প্রতিটি ভোটকেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং মাইক্রো অবজারভার নিয়োগের দাবি জানান তাঁরা।

সুদীপ রায় বর্মনের বক্তব্য, নির্বাচনী প্রচারে বেরিয়ে কংগ্রেস প্রার্থীরা সাধারণ মানুষের মধ্যে ভোট দিতে পারা নিয়ে উদ্বেগ দেখতে পাচ্ছেন। তাই প্রত্যেক ভোটকেন্দ্রে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর উপস্থিতিতে ভোটগ্রহণ নিশ্চিত করতে হবে। তাঁর প্রশ্ন, ভিলেজ কমিটির নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হলে পুর ও নগর সংস্থার নির্বাচনে একই ব্যবস্থা কেন থাকবে না? ভোটাররা যাতে নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটাই কংগ্রেসের দাবি বলে জানান তিনি। পাশাপাশি বিজেপিকে ঘিরেও একাধিক রাজনৈতিক আক্রমণ শানান সুদীপ।

অন্যদিকে, জেলা নির্বাচন আধিকারিক জানান, সিআরপিএফ এবং মাইক্রো অবজারভার দুটিই কেন্দ্রীয় সরকারের অধীন। তা সত্ত্বেও আগরতলা পুর নিগমের সবকটি ভোটকেন্দ্রে সিআরপিএফ মোতায়েনের লক্ষ্যে অতিরিক্ত ২৫ কোম্পানি বাহিনী চেয়ে নির্বাচন দপ্তরের পক্ষ থেকে আগাম আবেদন জানানো হয়েছে। প্রতিটি ভোটকেন্দ্রে মাইক্রো অবজারভার রাখার বিষয়টিও বিবেচনায় রয়েছে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত হলে তা জানিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা নির্বাচন আধিকারিক।

Leave a Comment