প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৬: আইনকে সঠিকভাবে জানা, মেনে চলা এবং তার যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই একটি সুস্থ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের অন্যতম প্রধান শর্ত। তবে আইনের অপব্যবহার এবং বিচারপ্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা সাধারণ মানুষের মনে আইন ও বিচারব্যবস্থার প্রতি আস্থার সংকট তৈরি করছে।
সমস্যার মূল আইনের মধ্যে নয়, বরং আইনের অপপ্রয়োগের মধ্যেই নিহিত—আগরতলায় আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় এমনটাই অভিমত ব্যক্ত করলেন দেশের প্রথম মহিলা আইপিএস আধিকারিক তথা পুদুচেরির প্রাক্তন লেফটেন্যান্ট গভর্নর ড. কিরণ বেদী।
জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ত্রিপুরার উদ্যোগে শনিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে পঞ্চম ‘ত্রিপুরা ডায়ালগ ফোরাম টক’-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ড. কিরণ বেদীর সঙ্গে বিশেষ কথোপকথন পর্বে আইন, পুলিশ, প্রশাসন এবং বিচারব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আইনের অপপ্রয়োগ ক্যানসারের মতো ভয়াবহ: ড. বেদী, নিজের বক্তব্যে বিশিষ্ট এই প্রশাসনিক ব্যক্তিত্ব বলেন, অনেক সময় পুলিশ নিজেদের মতো করে আইনের ব্যাখ্যা করে থাকে। আবার কিছু ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রশ্নে সঠিক ভূমিকা পালনে ব্যর্থ হন। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে সরকারি আইনজীবী এবং বিচারব্যবস্থার প্রতিটি স্তরে আইনের যথাযথ প্রয়োগের ওপর জোর দিয়ে তিনি বলেন, বিচার পেতে দীর্ঘসূত্রিতা দূর করা না গেলে ন্যায়বিচারের মূল উদ্দেশ্যই ব্যাহত হয়।
আইনের অপব্যবহারের ভয়াবহতার কথা তুলে ধরে ড. বেদী সতর্ক করেন যে, সময়মতো এই প্রবণতা রোধ করা না গেলে তা ক্যানসারের মতো আকার ধারণ করে। কেউ আইন ভঙ্গ করার পরও যদি অন্যায়ের পক্ষে সাফাই দেন এবং বিচারব্যবস্থা যথাসময়ে শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে সাধারণ মানুষের বিচার পাওয়ার প্রত্যাশা দুর্বল হয়ে পড়ে। প্রশাসনের নিরপেক্ষতা, পুলিশের দায়িত্বশীল ভূমিকা এবং দ্রুত বিচার নিশ্চিত করার মাধ্যমেই মানুষের আস্থা অর্জন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ত্রিপুরার উপাচার্য, আইন সহকারী এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ড. কিরণ বেদীর এই অভিজ্ঞতালব্ধ আলোচনা উপস্থিত সুধীজনের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।








