মুখ্যমন্ত্রীর নির্বাচনী রোড-শো ও সভা সাব্রুমে

প্রগতি ত্রিপুরা, ১৪ নভেম্বর, ২০২৬: সাব্রুমে নগর পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে নির্বাচনী সমাবেশ, উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা। আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাব্রুম মেলার মাঠে আয়োজিত হলো এক নির্বাচনী জনসভা। মুখ্যমন্ত্রী ড. মানিক সাহার উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশে সাব্রুমের ৯টি ওয়ার্ডের প্রার্থীরা অংশ নেন। এর মধ্যে ৮ জন বিজেপির মনোনীত প্রার্থী এবং ১ জন এনডিএ জোটের শরিক দল তিপ্রা মথা দলের প্রার্থী হিসেবে উপস্থিত ছিলেন।

তবে জনসভায় নগর পঞ্চায়েত এলাকার সাধারণ লোকজনের উপস্থিতি ছিল তুলনামূলকভাবে কম। সমাবেশে উপস্থিত দর্শকদের বড় একটা অংশই ছিলেন গ্রামীণ এলাকার বিজেপি কর্মী ও সমর্থক। সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং সহ ভারতীয় জনতা পার্টির অন্যান্য নেতৃত্বরা।

বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. মানিক সাহাকে বলতে শোনা যায় যে, এবারের নির্বাচনকে তাঁরা ২০২৮ সালের ফাইনালের আগে ‘সেমিফাইনাল’ হিসেবে দেখছেন। তিনি ডাবল ইঞ্জিন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে ২৪ ঘণ্টা রাজ্যবাসীর কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

Leave a Comment