প্রগতি ত্রিপুরা, ১৩ নভেম্বর, ২০২৬: বাড়িতে অপেক্ষায় ছিলেন স্ত্রী, দুই সন্তানসহ পরিবারের অন্যান্য সদস্যরা। কিন্তু ডিউটি শেষ করে আর বাড়ি ফেরা হলো না জীবন দেববর্মার (৪৫)। বিশ্রামগঞ্জ থানা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এই TSR জওয়ান। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।
পরিবার সূত্রে জানা যায়, বিশ্রামগঞ্জ TSR ক্যাম্পে কর্মরত জীবন দেববর্মা ডিউটি শেষ করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে একটি দোকানে টিফিন সেরে সাইকেল নিয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। সেই সময় বিশ্রামগঞ্জ রাজার সামনে একটি দ্রুতগতির গাড়ি পেছন থেকে তাঁকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন তিনি। শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, বিশ্রামগঞ্জে কর্মরত এক পুলিশকর্মী এবং পরিবারের অন্য এক সদস্যের ফোনের মাধ্যমে দুর্ঘটনার খবর পান তাঁরা। খবর পাওয়ার পর থেকেই পরিবারে নেমে আসে শোকের ছায়া।
মৃত জীবন দেববর্মার বাড়ি সোনামুড়া মহকুমার মেলাঘর থানাধীন শিবনগর এলাকায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে এবং মা-বাবাসহ অসংখ্য আত্মীয়স্বজনকে রেখে গেছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে পরিবারের খোঁজখবর নেওয়া হয়। পাশাপাশি তাঁর সহকর্মীরাও বাড়িতে উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
একজন কর্তব্যরত জওয়ানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গোটা এলাকায় গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।








