জম্মু, ১৩ নভেম্বর : জম্মু ও কাশ্মীরে বাতরা হাসপাতালে ঘটলো এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে বুধবার। একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ রাস্তার মাঝখানে উল্টে যায়। তবে সৌভাগ্যবশত, দুর্ঘটনার পর প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা এক মহিলা। বৃহস্পতিবার এক পুলিশ আধিকারিক জানান, এই আকস্মিক দুর্ঘটনার জেরে ব্যাহত হয় রাস্তার যান চলাচল ব্যবস্থা । স্থানীয়রা পুলিশকে খবর দিলে ট্রাফিক পুলিশ ও স্থানীয় থানার পুলিশ মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসে। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করে । গাড়িতে থাকা মহিলার কোনও আঘাত লাগেনি। তবে ঠিক কী কারণে গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়েছিল, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।








