ডাম্পারের ধাক্কায় উল্টে গেল পাথরবোঝাই টিপার, অল্পের জন্য রক্ষা চালক

প্রগতি ত্রিপুরা, ১২ নভেম্বর, ২০২৬: ধর্মনগর–কৈলাসহর জাতীয় সড়কে ফের পথ দুর্ঘটনা। বৃহস্পতিবার ভোরে কৈলাসহরের ভগবাননগর এলাকায় একটি দ্রুতগতির ডাম্পারের ধাক্কায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাথরবোঝাই ছয় চাকার টিপার উল্টে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান টিপারের চালক। অন্যদিকে, দুর্ঘটনার পর ডাম্পার নিয়ে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরবোঝাই টিপারটি ভগবাননগর এলাকায় জাতীয় সড়কের পাশে দাঁড় করানো ছিল। সেই সময় ধর্মনগরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা টিপারটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় টিপারটি মুহূর্তের মধ্যে রাস্তার পাশে উল্টে যায়। বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তবে সৌভাগ্যক্রমে দুর্ঘটনার সময় টিপারের চালক গাড়ির বাইরে থাকায় বড়সড় প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়। অল্পের জন্য রক্ষা পান তিনি। যদিও দুর্ঘটনায় গাড়িটির যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

অভিযোগ, সংঘর্ষের পর পরিস্থিতি খতিয়ে দেখা কিংবা ক্ষতিগ্রস্ত চালকের খোঁজ নেওয়ার পরিবর্তে ঘাতক ডাম্পারের চালক দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উল্লেখ্য, ধর্মনগর–কৈলাসহর জাতীয় সড়কে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। ভগবাননগরের এই দুর্ঘটনা ফের একবার জাতীয় সড়কের নিরাপত্তা ও যানবাহনের গতিনিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে প্রশাসনের নজরদারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। দুর্ঘটনার পর পালিয়ে যাওয়া ডাম্পার ও তার চালককে শনাক্ত করতে কী পদক্ষেপ নেওয়া হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

Leave a Comment