প্রগতি ত্রিপুরা, ১২ নভেম্বর, ২০২৬: পরিবারের সদস্যদের সঙ্গে কালীপুজো দেখতে ধর্মনগরে গিয়েছিলেন বাড়ির মালিক। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে বাড়ির দরজা ভেঙে লক্ষাধিক টাকার সামগ্রী লুট করে পালাল চোরের দল। চাঞ্চল্যকর এই চুরির ঘটনাটি ঘটেছে কাঞ্চনপুর শহর সংলগ্ন সুব্রতনগর এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, সুব্রতনগর গ্রামের বাসিন্দা তথা পেশায় ঠিকাদার ব্রজেন্দ্র নাথ গত সোমবার পরিবারের সদস্যদের নিয়ে ধর্মনগরে কালীপুজো দেখতে যান। সেই সুযোগে তাঁর বাড়িতে হানা দেয় চোরের দল। বুধবার দুপুরে বাড়িতে ফিরে তিনি দেখতে পান, ঘরের দরজা ভাঙা এবং ভিতরে থাকা জিনিসপত্র সম্পূর্ণ এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে।
এরপর বাড়ির আলমারি পরীক্ষা করে দেখা যায়, সেখান থেকে তাঁর মেয়ের দুই ভরি স্বর্ণালংকার, ছেলের একটি ট্যাব এবং বাড়িতে রাখা নগদ তিন লক্ষ টাকা উধাও হয়ে গিয়েছে। সব মিলিয়ে চুরির ঘটনায় বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বাড়ির মালিক।
ঘটনার পরই ব্রজেন্দ্র নাথ কাঞ্চনপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
এদিকে দিনের পর দিন এ ধরনের চুরির ঘটনায় কাঞ্চনপুর শহর ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জনবসতিপূর্ণ এলাকায় বাড়ির দরজা ভেঙে এভাবে চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারাও। এখন দেখার বিষয়, পুলিশ কত দ্রুত চোরের দলকে শনাক্ত করে লুট হওয়া সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়।








