প্রগতি ত্রিপুরা, ১২ নভেম্বর, ২০২৬: আসন্ন পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বৃহস্পতিবার বিজেপির সোনামুড়া মণ্ডলের উদ্যোগে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ নির্বাচনী সাংগঠনিক সভা। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব।
আসন্ন পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির মনোনীত প্রার্থীদের জয় নিশ্চিত করার লক্ষ্যেই এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়। নির্বাচনে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি, কর্মীদের সক্রিয় ভূমিকা এবং প্রতিটি আসনে জয়লাভের লক্ষ্যে বিভিন্ন রণকৌশল নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন, বিধায়ক বিন্দু দেবনাথ, সিপাহীজলা জেলার প্রভারী রতন ঘোষ, জেলা সভাপতি প্রসেনজিৎ ঘোষ, সোনামুড়া মণ্ডল সভাপতি শুভ্রজিৎ দাস-সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলগুলিকে কড়া ভাষায় আক্রমণ করেন বিপ্লব কুমার দেব। তিনি বলেন, বিজেপিকে পরাজিত করার ক্ষমতা রাজ্যে কারও নেই। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে একাধিকবার বিজেপিকে পরাস্ত করার চেষ্টা করলেও তার ফল ভালো হয়নি। বরং কংগ্রেস আজ দেশের রাজনীতিতে অস্তিত্বের সংকটে পড়েছে। অন্যদিকে, বামপন্থীদের রাজনৈতিক শক্তিও অনেকটাই ক্ষয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিপ্লব কুমার দেব আরও জানান, আসন্ন পৌরসভা ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির প্রার্থীদের জয় নিশ্চিত করতে সংগঠনকে আরও শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রতিটি আসনে জয়ের লক্ষ্যে দলীয় নেতৃত্ব ও কর্মীদের নিয়ে সুপরিকল্পিত রণকৌশল তৈরি করা হবে বলেও তিনি জানান।
সাংগঠনিক এই সভার মধ্য দিয়ে আসন্ন নির্বাচনে সোনামুড়ায় বিজেপি নিজেদের সাংগঠনিক শক্তি আরও মজবুত করার বার্তা দিল বলে রাজনৈতিক মহলের অভিমত।








