ধলাই জেলার মনুঘাট সিএইচসি-র অধীনে বিচিত্রা দাস পাড়ায় অনুষ্ঠিত হলো বিশেষ মেগা স্বাস্থ্য শিবির

অনলাইন ডেস্ক, ১১ নভেম্বর,২০২৬: গ্রামীণ ও দূরবর্তী অঞ্চলের সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও গুণগত স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ১০ই নভেম্বর, ২০২৬ তারিখে ধলাই জেলার লংতরাই ভ্যালি (LTV) মহকুমার অধীন মনুঘাট সিএইচসি-র অন্তর্গত পূর্ব মনু ভি সি-র বিচিত্রা দাস পাড়ায় এক বিশেষ মেগা স্বাস্থ্য শিবির “স্বাস্থ্য পোষণ সেবা সঙ্গম” (Swathya Poshan Sewa Sangam) সফলভাবে অনুষ্ঠিত হয়।

রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং স্থানীয় স্বাস্থ্য প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই মেগা স্বাস্থ্য শিবিরে এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দুর্গম পাহাড়ি ও গ্রামীণ জনপদের মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার উদ্দেশ্যেই এই শিবিরের আয়োজন করা হয়েছিল। শিশু, নারী, প্রবীণসহ সর্বমোট ৮৮ জন গ্রামবাসী এই বিশেষ শিবির থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগে স্থানীয় সাধারণ মানুষ উচ্ছ্বাস প্রকাশ করেন।

স্বাস্থ্য পোষণ সেবা সঙ্গম’ নামক এই শিবিরের মূল লক্ষ্য ছিল সাধারণ স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি পুষ্টি ও সুষম আহারের বিষয়ে সচেতনতা গড়ে তোলা। শিবিরে উপস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকগণ আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন, প্রযোজনীয় পরামর্শ দেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধপত্র বিতরণ করেন। পাশাপাশি, গর্ভবতী নারী, প্রসূতি এবং শিশুদের সুষম পুষ্টি ও সঠিক লালন-পালন সম্পর্কে বিশেষ পরামর্শ প্রদান করেন স্বাস্থ্যকর্মীরা। মনুঘাট সিএইচসি-র সংশ্লিষ্ট মেডিকেল টিমের দক্ষ চিকিৎসকগণ, কমিউনিটি হেলথ অফিসার, মাল্টিপারপাস ওয়ার্কার এবং স্থানীয় আশা কর্মীরা এই শিবিরটিকে সফল করে তুলতে নিরলস পরিশ্রম করেন। ধলাই জেলার মুখ্য চিকিৎসক আধিকারিকের কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Leave a Comment