প্রগতি ত্রিপুরা, ১১ নভেম্বর, ২০২৬: ধর্মীয় ভাবাবেগ ও সাধারণ মানুষের তীর্থদর্শনের আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন বিধায়ক অভিষেক দেবরায়।
তাঁর ব্যক্তিগত উদ্যোগে আগামী ১৫ নভেম্বর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৭৫ জন পুণ্যার্থীকে নিয়ে আয়োজন করা হয়েছে উত্তর ভারতের বিভিন্ন ঐতিহাসিক ও ধর্মীয় তীর্থস্থান পরিদর্শনের বিশেষ কর্মসূচি। এই যাত্রায় অংশগ্রহণকারীদের যাতায়াত, থাকা-খাওয়া এবং স্থানীয় দর্শনীয় স্থান পরিদর্শনের যাবতীয় ব্যয়ভার বহন করবেন বিধায়ক নিজেই।
এই কর্মসূচির বিস্তারিত জানাতে বুধবার উদয়পুর মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায় এবং শ্রী মাতা ত্রিপুরা সুন্দরী সিদ্ধ পীঠম ট্রাস্টের ডক্টর আচার্য শঙ্কর।
সাংবাদিক সম্মেলনে বিধায়ক অভিষেক দেবরায় জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেরই দীর্ঘদিনের ইচ্ছা থাকা সত্ত্বেও কাশীধাম-সহ উত্তর ভারতের বিভিন্ন পবিত্র তীর্থস্থান দর্শন করা সম্ভব হয় না।
সাধারণ মানুষের সেই ধর্মীয় আকাঙ্ক্ষার কথা বিবেচনা করেই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে এই বিশেষ তীর্থযাত্রার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর ৭৫ জন পুণ্যার্থীকে নিয়ে এই যাত্রার সূচনা হবে।
নির্ধারিত সূচি অনুযায়ী, ১৭ নভেম্বর পুণ্যার্থীরা মার্কণ্ডেয় মহাদেব ও সারনাথ মন্দির দর্শন করবেন। এরপর ১৮ নভেম্বর ভোরে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো ও দর্শনের কর্মসূচি রয়েছে। পাশাপাশি কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, কালভৈরব মন্দির, সংকটমোচন মন্দির ও দুর্গাদেবী মন্দির-সহ একাধিক ধর্মীয় ও ঐতিহাসিক স্থান পরিদর্শন করবেন তাঁরা।
আগামী ২৪ নভেম্বর এই বিশেষ তীর্থযাত্রার সমাপ্তি ঘটবে। আর্থিক অসচ্ছলতা কিংবা অন্যান্য প্রতিবন্ধকতার কারণে যাঁরা দূরবর্তী তীর্থস্থান দর্শনের সুযোগ পান না, তাঁদের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে বিধায়কের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।








