জয়পুর, ১০ নভেম্বর : দীপাবলি উদযাপনকে আরও আকর্ষণীয় করে তুলতে জয়পুরে প্রথমবারের মতো আয়োজন করা হলো বর্ণাঢ্য ফায়ার শো। জয়পুর নগর নিগম এবং জেডিএ-র যৌথ উদ্যোগে অমর জওয়ান জ্যোতিতে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় ১৫ মিনিট ধরে চলা এই প্রদর্শনীতে আকাশে ২ হাজার ৫০০-রও বেশি বিশেষ ধরনের আতশবাজি ছোড়া হয়। চোখধাঁধানো এই আলোর প্রদর্শনী উপভোগ করতে সেখানে উপস্থিত হন হাজার হাজার স্থানীয় বাসিন্দা। পাশাপাশি দেশ-বিদেশ থেকে আসা পর্যটকরাও এই বিশেষ আয়োজনের সাক্ষী থাকেন।
এবারের দীপাবলি উৎসবে আতশবাজির পাশাপাশি বিশেষ আকর্ষণ হয়ে উঠেছিল বরফ দিয়ে তৈরি দেবদেবীর বিশাল প্রতিকৃতি। বরফের সাহায্যে প্রায় ১০ ফুট উচ্চতার দেবী লক্ষ্মী, ভগবান গণেশ এবং দেবী সরস্বতীর মূর্তি নির্মাণ করা হয়েছিল। এছাড়াও তৈরি করা হয়েছিল দুটি হাতির বরফের ভাস্কর্য। অভিনব এই শিল্পকর্ম দেখতে দর্শনার্থীদের মধ্যে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা যায়।
জয়পুর নগর নিগমের কমিশনার ওম কসেরা জানান, এবারের দীপাবলিকে শহরবাসীর কাছে স্মরণীয় করে রাখাই ছিল তাঁদের মূল লক্ষ্য। সেই উদ্দেশ্যেই নগর নিগম এবং জেডিএ-র পক্ষ থেকে বিশেষ উৎসবের পরিকল্পনা করা হয়। আয়োজনের প্রথম দিনে দর্শকদের জন্য ড্রোন শো অনুষ্ঠিত হয়েছিল। অন্যদিকে, দীপাবলির দিন ছিল আকর্ষণীয় আতশবাজির প্রদর্শনী। তাঁর দাবি, রাজস্থানে এত বড় পরিসরে আতশবাজির অনুষ্ঠান এর আগে আয়োজন করা হয়নি।








