টালা জলাধারের পাইপলাইনে গোলযোগ, জল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কায় পুর প্রশাসন।

কলকাতা, ১০ নভেম্বর : উত্তর কলকাতার টালা জলাধার থেকে শহরের বিভিন্ন এলাকায় পানীয় জল সরবরাহের গুরুত্বপূর্ণ পাইপলাইনে বড়সড় ত্রুটি ধরা পড়েছে। সোমবার কলকাতা চক্ররেলের রেললাইনের পাশে অবস্থিত সেতুর নীচে জলের একটি বড় পাইপে ফুটো লক্ষ্য করা যায়। এই ঘটনার জেরে কলকাতার একাধিক এলাকায় পানীয় জল সরবরাহ স্বাভাবিক রাখা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতা পুরসভার জল সরবরাহ বিভাগ জানিয়েছে, টালা রেলসেতুর নীচে রেললাইনের তলায় থাকা প্রধান পাইপলাইনে এই সমস্যা দেখা দিয়েছে। ফলে মহানগরের বিস্তীর্ণ অঞ্চলে জল সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।

পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এই সমস্যার প্রভাব পড়তে পারে চিৎপুর রোড (সি আর অ্যাভিনিউ), রাজাবাজার, পার্ক সার্কাস, এ জে সি বোস রোড, কলেজ স্ট্রিট, বিধান সরণি, বালিগঞ্জ ও কসবা-সহ বিভিন্ন এলাকায়। সংশ্লিষ্ট এলাকাগুলিতে জল সরবরাহের পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

পাইপলাইনের ত্রুটি দ্রুত সারিয়ে তোলার জন্য মেরামতির কাজ শুরু করেছে সংশ্লিষ্ট বিভাগ। যত দ্রুত সম্ভব পানীয় জল সরবরাহ আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে পুরসভা সূত্রে খবর। তবে মেরামতির কাজ চলাকালীন কয়েকটি এলাকায় জল পেতে সাময়িক সমস্যার সম্মুখীন হতে পারেন বাসিন্দারা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সহযোগিতা করার পাশাপাশি ধৈর্য বজায় রাখার অনুরোধ জানিয়েছে কলকাতা পুরসভা।

 

Leave a Comment