হাজারিবাগ, ১০ নভেম্বর : ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার চৌপারণ থানা এলাকার দানুয়া ঘাঁটিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। সোমবার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রথমে পাঁচজনের মৃত্যুর খবর সামনে এসেছিল। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। জানা গিয়েছে, একটি যাত্রীবাহী গাড়িতে থাকা যাত্রীরা মৃতদেহের শেষকৃত্য সম্পন্ন করতে বারাণসীর উদ্দেশে যাচ্ছিলেন। সেই সময় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্যাঙ্কার গাড়িটিকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের পর ঘটনাস্থলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। খবর পেয়ে চৌপারণ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
শেখ ভিখারী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডঃ রাজ কিশোর জানিয়েছেন, দুর্ঘটনার সময় ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন প্রাণ হারান। অন্য এক আহতের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাঁকে রাঁচির হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছিল। কিন্তু স্থানান্তরের জন্য গাড়িতে তোলার সময় ওই ব্যক্তিরও মৃত্যু হয়। ফলে এই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে সাত হয়েছে। চিকিৎসক আরও জানিয়েছেন, আহতদের মধ্যে অন্য একজনের অবস্থাও আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী গাড়িতে থাকা ব্যক্তিরা গিরিডি জেলার বাগোদর থানা এলাকার বিহার ও সালাইয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তাঁরা বাগোদর থেকে একটি মৃতদেহ নিয়ে বারাণসীর দিকে রওনা দিয়েছিলেন। জিটি রোডের দানুয়া এলাকায় পৌঁছনোর পর পিছন থেকে আসা একটি দ্রুতগতির ট্যাঙ্কার তাঁদের গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। একসঙ্গে সাতজনের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট গ্রামগুলিতে শোকের পরিবেশ তৈরি হয়েছে।








