কুল্লু (হিমাচল প্রদেশ), ১০ নভেম্বর : হিমাচল প্রদেশের কুল্লু জেলার বিস্তীর্ণ বনভূমিতে গত চার দিন ধরে ভয়াবহ আগুন জ্বলছে। ক্রমশ দাবানল ছড়িয়ে পড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে পাহাড়ি এলাকার একের পর এক বনাঞ্চল। আগুনের গ্রাসে নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ মূল্যবান বনজ সম্পদ। অন্যদিকে, দাবানল থেকে নির্গত ঘন কালো ধোঁয়া ও ছাইয়ে ঢেকে গিয়েছে কুল্লু উপত্যকার বিস্তীর্ণ এলাকা। এর ফলে এলাকার বায়ুদূষণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিষাক্ত ধোঁয়ার কারণে স্থানীয় বাসিন্দা, বিশেষ করে বয়স্কদের মধ্যে শ্বাসকষ্টসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে।
স্থানীয় সূত্রে খবর, গত চার দিন ধরে কুল্লুর বিভিন্ন পাহাড়ি ঢালে একাধিক জায়গায় আগুন ছড়িয়ে পড়েছে। প্রবল বাতাসের কারণে দাবানল দ্রুত নতুন নতুন এলাকায় ছড়িয়ে যাচ্ছে। এর ফলে বনজ সম্পদের পাশাপাশি বন্যপ্রাণীদের জীবন ও স্বাভাবিক বাসস্থানও বিপন্ন হয়ে পড়েছে। আগুনে বনভূমির ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাতাসে মিশে যাচ্ছে ঘন ধোঁয়া ও ছাই। এর প্রভাবে হাঁপানি এবং শ্বাসকষ্টের রোগীদের সমস্যা আরও বাড়ছে। সাধারণ মানুষও চোখ জ্বালা ও শ্বাস নিতে অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দাদের একাংশ প্রশাসনের প্রস্তুতি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, দাবানলের মরশুম শুরু হওয়ার আগেই আগুন মোকাবিলায় প্রয়োজনীয় পরিকল্পনা ও ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিল।
দাবানল নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই যৌথভাবে কাজ শুরু করেছে বন বিভাগ ও দমকল বাহিনী। দুর্গম পাহাড়ি এলাকায় কর্মীদের মোতায়েন করে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। বন বিভাগের মুখ্য অরণ্যপাল (সিসিএফ) সন্দীপ শর্মা জানিয়েছেন, বিভিন্ন এলাকায় বনকর্মী ও দমকল বাহিনীর সদস্যদের নামিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। তাঁর কথায়, “বিভিন্ন স্থানে বন বিভাগের কর্মী ও দমকল বাহিনীকে মোতায়েন করে আগুন নিয়ন্ত্রণে আনার নিরবচ্ছিন্ন চেষ্টা চলছে। বেশ কিছু অংশে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আবার কিছু এলাকায় গ্রামবাসীরাও নিজস্ব উদ্যোগে আগুন নেভাতে সাহায্য করছেন।








