কলকাতা, ১০ নভেম্বর : কালীপুজোর রাতে সরকারি নিষেধাজ্ঞা ও দূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত নির্দেশিকা উপেক্ষা করে কলকাতার বিভিন্ন প্রান্তে ব্যাপক হারে বাজি ফাটানো হয়েছে। এর ফলে মহানগরের বায়ুর গুণগত মান অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে যায়। মধ্যরাতের পর থেকেই একাধিক এলাকায় বায়ুমান সূচক (AQI) বিপজ্জনক মাত্রায় ওঠে। বাজির ধোঁয়া ও ধূলিকণার কারণে কলকাতা এবং সংলগ্ন বিস্তীর্ণ অঞ্চল ঘন ধোঁয়াশায় ঢেকে যায়। তবে দূষণের পরিস্থিতি গুরুতর হলেও দেশের সর্বাধিক দূষিত ১০টি শহরের তালিকায় কলকাতার নাম ওঠেনি।
পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের পরিসংখ্যান অনুযায়ী, রাত দুটো নাগাদ কলকাতার গড় বায়ুমান সূচক ছিল ৪৩৭। বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম কণা পিএম ২.৫-এর মাত্রা প্রতি ঘনমিটারে ২৯৩ মাইক্রোগ্রামে পৌঁছেছিল। অন্যদিকে, পিএম ১০-এর মাত্রা ছিল ৩৫৪ মাইক্রোগ্রাম। উত্তর কলকাতার কাঁকুড়গাছিতে AQI রেকর্ড করা হয় ৬১০। মানিকতলায় ৫৩৮, বেনিয়াপুকুরে ৫২৮, লেবুতলায় ৪৯১, কাশীপুরে ৪৯০ এবং তালতলায় ৪৬৯ ছিল দূষণের মাত্রা। সল্টলেকের ইই ব্লকে সূচক পৌঁছয় ৬৬২-তে, ডিজে ব্লকে ৫৫৭ এবং বিধাননগর পুরনিগম এলাকায় ৪৯০।
মধ্য কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে AQI ছিল ৪৮৪। এলগিন রোড ও হেস্টিংস এলাকায় ৪৬২ এবং ময়দান সংলগ্ন অঞ্চলে ৪৬১ রেকর্ড করা হয়েছে। দক্ষিণ কলকাতার চক্রবেড়িয়ায় ৪৭৮, বালিগঞ্জে ৪৭৪, লেক টেরাসে ৪৪৬, ভবানীপুরে ৪৩২, চেতলায় ৪২৫, ঢাকুরিয়ায় ৩৯৭ এবং সাউথ সিটিতে ৩৬২ ছিল বায়ুমান সূচক। কলকাতার পাশাপাশি পার্শ্ববর্তী জেলাগুলিতেও পরিস্থিতি উদ্বেগজনক ছিল। হাওড়ার ঘুসুড়িতে পিএম ২.৫-এর মাত্রা ৫০০ এবং বেলুড়ে ৪৫৩ মাইক্রোগ্রামে পৌঁছয়। উত্তর ২৪ পরগনার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় চত্বরে AQI রেকর্ড করা হয় ৪৭৪।
এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন বিশিষ্ট পরিবেশবিদ ও গ্রিন টেকনোলজিস্ট সোমেন্দ্রনাথ ঘোষ। তাঁর মতে, কলকাতার বায়ুদূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। তিনি শহরে চলাচলকারী ১৫ বছরের বেশি পুরনো পেট্রোল ও ডিজেলচালিত যানবাহনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারির দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, পুরনো যানবাহন থেকে নির্গত ধোঁয়া পিএম ২.৫, পিএম ১০ এবং ব্ল্যাক কার্বন দূষণের অন্যতম প্রধান উৎস। পাশাপাশি রাস্তার ধারে ও ফুটপাথে কয়লার উনুন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের এলপিজি বা বৈদ্যুতিক ওভেন ব্যবহারে উৎসাহিত করতে সরকারি ভর্তুকি দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
এছাড়াও বাতাসে ভাসমান ধূলিকণার পরিমাণ কমাতে কলকাতার বিভিন্ন এলাকায় অন্তত ১০০টি ওয়াটার ক্যানন বা জল ছেটানোর গাড়ি নামানোর প্রস্তাব দিয়েছেন সোমেন্দ্রনাথ ঘোষ। তাঁর মতে, নিয়মিত জল ছেটালে বাতাসের ধূলিকণা মাটিতে নেমে আসবে এবং গাছের পাতায় জমে থাকা ধুলোও পরিষ্কার হবে। এর ফলে গাছপালার স্বাভাবিক কার্যক্ষমতা বজায় রাখতে সুবিধা হবে। সব মিলিয়ে কালীপুজোর রাতে বাজির ধোঁয়ায় কলকাতা ও সংলগ্ন এলাকার বায়ুদূষণ নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাজি নিয়ন্ত্রণের পাশাপাশি যানবাহন ও জ্বালানি দূষণ কমানোর ওপরও গুরুত্ব দেওয়ার প্রয়োজন বলে মনে করছেন পরিবেশবিদরা।








