হাজারিবাগ, ১০ নভেম্বর : ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার চৌপারণ থানা এলাকার দানুয়া ঘাঁটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে পাঁচজনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ জন। সোমবার একটি যাত্রীবাহী গাড়িকে পিছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্যাঙ্কার ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গাড়িতে থাকা যাত্রীরা মৃতদেহ নিয়ে শেষকৃত্য সম্পন্ন করার উদ্দেশ্যে বারাণসীর দিকে যাচ্ছিলেন। পথেই এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন তাঁরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়ির যাত্রীরা গিরিডি জেলার বাগোদর থানা এলাকার বিহার ও সালাইয়া গ্রামের বাসিন্দা ছিলেন। বাগোদর থেকে একটি মৃতদেহ নিয়ে তাঁরা বারাণসীর উদ্দেশে রওনা দিয়েছিলেন। সেই সময় জিটি রোডের দানুয়া এলাকায় পিছন দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্যাঙ্কার তাঁদের গাড়িতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। পাশাপাশি গুরুতর আহত হন আরও ১৪ জন।
দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে হাত লাগান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে চৌপারণ থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চৌপারণ থানার ভারপ্রাপ্ত আধিকারিক পঙ্কজ কুমার জানিয়েছেন, এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এবং আহত হয়েছেন ১৪ জন। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে।
এই মর্মান্তিক ঘটনায় পাঁচজনের প্রাণহানির খবর ছড়িয়ে পড়তেই সংশ্লিষ্ট এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়েছে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছেন স্থানীয় বাসিন্দারা।








