আমবাসায় পুলিশের অভিযানে ৪৯ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার, আটক দুই যুবক

প্রগতি ত্রিপুরা, ৯ নভেম্বর, ২০২৬: পুলিশের নিয়মিত যানবাহন তল্লাশি অভিযান থেকে বড়সড় সাফল্য পেল ধলাই জেলার আমবাসা থানার পুলিশ। আমবাসার কমলাছড়া এলাকায় একটি সন্দেহজনক গাড়িতে তল্লাশি চালিয়ে আনুমানিক ৪৯ কেজি সন্দেহভাজন গাঁজা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় গাড়িতে থাকা দুই যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত ভেহিকেল চেকিং চলাকালীন সন্দেহজনক গাড়িটির গতিবিধি নজরে আসে পুলিশের। গাড়িটি আগরতলার দিক থেকে আসছিল। কমলাছড়া হাইওয়ে থেকে ডাইভার্ট হয়ে একটি গ্রামীণ রাস্তার দিকে যাওয়ার সময় সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় গাড়ির ভিতর থেকে ছোট ছোট প্যাকেটে রাখা বিপুল পরিমাণ সন্দেহভাজন গাঁজা উদ্ধার হয়। প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া মাদকের পরিমাণ প্রায় ৪৯ কেজি।

ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। উদ্ধার হওয়া মাদকের উৎস এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই মাদক পাচারচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।

 

Leave a Comment