কায়রো, ৯ নভেম্বর : মিশরের রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলে ঘটে গেল এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনা।
গত রবিবার মিশরের গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় একই রেললাইনে দুটি যাত্রিবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি কামরা বেলাইন হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মিশরের রেলওয়ে দফতর ও পরিবহণ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রাজধানী কায়রো থেকে প্রায় ৫২ কিমি দক্ষিণে আল-আয়াত অঞ্চলে দুর্ঘটনাটি ঘটে। গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন নির্দিষ্ট লাইনে দাঁড়িয়ে থাকা কায়রো থেকে আসওয়ানগামী অপর একটি ট্রেনের পেছনের অংশে সজোরে ধাক্কা দিলে এই বিপত্তি ঘটে এবং তীব্র অভিঘাতে বগিগুলো ছিটকে পড়ে।
মিশরের স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে এবং আহত হয়েছেন ১২৫ জনেরও বেশি যাত্রী। মৃতদের মধ্যে ট্রেনের লোকো পাইলটও রয়েছেন। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের মধ্য থেকে সত্তরজনেরও বেশি মানুষকে ছেড়ে দেওয়া হয়।
প্রধান প্রসিকিউটর কার্যালয় জানিয়েছে, প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে যে ট্রেন দুটি একই লাইনে অবস্থান করছিল এবং আসওয়ানগামী ট্রেনটি স্থির থাকার সময়ই পেছনের ট্রেনটি এসে ধাক্কা মারে। সিগন্যালিং সিস্টেমের কোনো ত্রুটি ছিল নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে ঘটনার রাতেই উচ্চপর্যায়ের তদন্তকারী কমিটি কাজ শুরু করে দিয়েছে।








