স্বয়ংসেবকদের নিরলস নিষ্ঠা ও সমর্পণের ওপর ভর করেই টিকে রয়েছে সংঘ, বক্তব্য মোহন ভাগবতের।

নাগপুর (মহারাষ্ট্র), ৯ নভেম্বর : কারও দয়ায় নয়, বরং কার্যকর্তাদের নিঃস্বার্থ আত্মত্যাগ ও একনিষ্ঠ পরিশ্রমের ফলেই শতবর্ষ অতিক্রম করে এগিয়ে চলেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সোমবার নাগপুরের নাগপুর নাগরিক সমবায় ব্যাঙ্কের নতুন অডিটোরিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে এমনটাই মন্তব্য করেছেন সঙ্ঘচালক মোহন ভাগবত। অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শতবর্ষে পা রাখা সঙ্ঘের প্রচারক ধারা, কাজের প্রসার এবং দ্রুত পরিবর্তনশীল সমাজে সংগঠনের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি।

প্রচারকদের জীবনদর্শন ও অভিজ্ঞতার কথা স্মরণ করে সঙ্ঘপ্রধান বলেন, “যেকোনো সৎ লক্ষ্য নিয়ে কাজ করতে নামলে প্রয়োজনীয় রসদ নিজেই নিজের পথ খুঁজে নেয়। আপনি যেকোনো প্রচারককে প্রশ্ন করলেই এই একই বাস্তব অভিজ্ঞতার কথা জানতে পারবেন। আর গত ১০০ বছর ধরে অবিরামভাবে এই ধারাটিই বজায় রয়েছে।”

সংগঠনের পরিধি সম্পর্কে তিনি জানান, “ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের জন্মশতবার্ষিকীর সময়ে তৎকালীন কর্মরত প্রচারক এবং অতীতে এই দায়িত্ব পালন করেছেন এমন সকলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই সময় সেই সংখ্যাটা প্রায় সাড়ে ছয় হাজার ছিল, যা পরবর্তী বছরগুলিতে নিশ্চিতভাবেই বহু পরিমাণে বৃদ্ধি পেয়েছে।”

সময়ের সঙ্গে পা মিলিয়ে কর্মকাণ্ডকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দিয়ে মোহন ভাগবত বলেন, “সঙ্ঘ একশো বছর পেরিয়ে এগিয়ে চলেছে অন্যের অনুগ্রহে নয়, বরং স্বয়ংসেবকদের একনিষ্ঠ সমর্পণ ও অক্লান্ত পরিশ্রমের জোরে। সময়ের সঙ্গে পাল্লা দিতে আমাদের আরও দ্রুত গতিতে কাজ করতে হবে। সমাজে ধ্বংসাত্মক গতির তুলনায় গঠনমূলক অগ্রগতির হার বজায় রাখা অত্যন্ত জরুরি। এই উদ্দেশ্য সাধনে প্রতিটি স্বয়ংসেবক নিজেদের সময় উৎসর্গ করে নানাভাবে সমাজের কল্যাণে ব্রতী হয়েছেন।”

তিনি আরও বলেন, প্রতিটি মানুষের মেধা, গুণ ও দক্ষতার মধ্যে পার্থক্য থাকা স্বাভাবিক হলেও সমস্ত স্বয়ংসেবক ও প্রচারকদের মধ্যে একটি মিল স্পষ্ট—তা হলো তাঁদের নিঃস্বার্থ সমর্পণ ভাব। নিজে একজন প্রচারক হিসেবে সেই জীবনধারাকে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন বলে উল্লেখ করেন। পাশাপাশি, এদিনের অনুষ্ঠানে নাগপুর নাগরিক ব্যাঙ্কের নতুন প্রধান কার্যালয় উদ্বোধনের পর ব্যাংকিং ব্যবস্থায় স্বচ্ছতা, সমবায় ভাবনা এবং সামাজিক দায়িত্ববোধ বজায় রেখে সাধারণ মানুষের আর্থিক সমৃদ্ধির জন্য কাজ করার আহ্বান জানান তিনি।

Leave a Comment