বিশ্রামগঞ্জের ৮ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হিমানী চৌধুরী দেবনাথের জোরদার প্রচার

প্রগতি ত্রিপুরা, ৯ নভেম্বর, ২০২৬: আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে গতি বাড়িয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

দলের মনোনীত প্রার্থী হিমানী চৌধুরী দেবনাথের সমর্থনে এলাকায় বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ ও প্রচার চালানো হচ্ছে। প্রচার কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির জেলা নেতৃত্ব অমল দেবনাথ, দলের প্রভারী রুহেল আলম, গিরিধারী দেবনাথ-সহ বিভিন্ন স্তরের দলীয় কর্মকর্তা ও কর্মী-সমর্থকরা।

প্রচারের অংশ হিসেবে এদিন ওয়ার্ডের বিভিন্ন মহল্লার পাশাপাশি উপজাতি অধ্যুষিত এলাকাতেও ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন প্রার্থী ও দলীয় নেতৃত্ব। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমর্থন ও সহযোগিতা কামনা করেন তাঁরা।

এ প্রসঙ্গে বিজেপির বিশালগড় জেলা মাইনরিটি মোর্চার নর্থ ডিস্ট্রিক্টের সাধারণ সম্পাদক তথা প্রদেশ নিযুক্ত প্রভারী রুহেল আলম জানান, প্রভারী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এদিনই প্রথম তিনি ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে অংশ নেন।

তাঁর দাবি, উপজাতি মহল্লায় প্রার্থী হিমানী চৌধুরী দেবনাথকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গিয়েছে। বিভিন্ন পাড়া ও মহল্লা থেকে যে সাড়া পাওয়া যাচ্ছে, তাতে দলের কর্মী-সমর্থকেরা যথেষ্ট আশাবাদী।

তিনি আরও জানান, প্রার্থীর স্বামী শ্যামমানিক দেবনাথও এলাকায় সুপরিচিত। সেই সূত্রেও বিভিন্ন মহল্লায় প্রচারের সময় ভালো সাড়া মিলছে বলে তাঁর দাবি।

উল্লেখ্য, বিশ্রামগঞ্জ নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৭১৯। এই সংখ্যার মধ্যে ৬০০-র বেশি ভোট পেয়ে হিমানী চৌধুরী দেবনাথ জয়ী হবেন বলে প্রত্যাশা প্রকাশ করেছেন প্রার্থী ও বিজেপি নেতৃত্ব। আগামী ২৭ তারিখের নির্বাচনে এই ওয়ার্ডে শেষ পর্যন্ত ভোটের ফলাফল কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

 

Leave a Comment